Published : 15 Jul 2025, 12:19 PM
লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয়ের পর একটি দুঃসংবাদ শুনতে হয়েছে ইংল্যান্ডকে। আঙুলের চোটে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন অফ স্পিনার শোয়েব বাশির।
তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রাভিন্দ্রা জাদেজার ফিরতি ক্যাচ নেওয়ার চেষ্টার সময় বাঁ হাতের কনিষ্ঠায় আঘাত পান বাশির। এরপর তিনি মাঠ ছেড়ে যান এবং ইনিংসের বাকি সময়ে আর ফেরেননি।
তবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাশির ব্যাট করতে নামেন এবং ৯ বলে করেন ২ রান। সোমবার পঞ্চম দিনের বেশিরভাগ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। ভারতের অষ্টম উইকেট পতনের পর মাঠে ফেরেন এবং পরে তাকে বোলিংয়ের জন্য ডাকা হয়।
জাদেজা ও মোহাম্মদ সিরাজের শেষ জুটিতে যখন অবিশ্বাস্য এক জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভারত, বাশিরই ভাঙেন সেই জুটি, সিরাজকে আউট করে দলকে ২২ রানের রুদ্ধশ্বাস জয় এনে দেন ২১ বছর বয়সী স্পিনার।
সিরিজের প্রথম তিন ম্যাচে ৫৪.১ গড়ে মোট ১০ উইকেট নেওয়া বাশিরের আঙুলে চিড় ধরা পড়ছে। এই সপ্তাহের শেষ দিকে তার অস্ত্রোপচার করানোর কথা।
টেস্ট ক্রিকেটে গত কয়েক বছরে ইংল্যান্ডের প্রথম পছন্দের স্পিনার হয়ে উঠেছেন বাশির। তার অনুপস্থিতিতে এখন অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচকে ডাকা হবে কি-না, সেটাই দেখার বিষয়। এছাড়াও দলে ডাক পাওয়ার সম্ভাবনায় আছেন রেহান আহমেদ, লিয়াম ডসন ও টম হার্টলি।
আগামী ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।