২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর ব্যাটে ২০০ ছক্কা

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি স্পর্শ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 11:05 AM

ইনিংসের সেটি শেষ ওভার। বড় শট খেলার কোনো বিকল্পই নেই। প্রথম বলে সফল হলেন মাহমুদউল্লাহ। রোমারিও শেফার্ডের শর্ট বলে পুল করে উড়িয়ে দিলেন ছক্কায়। তাতে পূরণ হলো তার অনন্য এক ডাবল সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার ওই শটে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ হলো মাহমুদউল্লাহর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁলেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

দুইশ থেকে তিন ছক্কা দূরে এই ম্যাচ খেলতে নামে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসের পথে তিনটি চারের পাশে তিনটি ছক্কাও তিনি মারেন। 

রেকর্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮ ছক্কার পর থমকে আছে তার ক্যারিয়ার।

৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস।

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। 

মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি। 

তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেছেন ১৭৩ বার। ৪৯১ ইনিংসে ১৩৫ বার করেছেন সাকিব আল হাসান। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস।

এছাড়া ছক্কার সেঞ্চুরি আছে সৌম্য সরকার (১০৯) ও মাশরাফি বিন মুর্তজার (১০৭)।

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ডের ধারেকাছে অবশ্য নেই তারা কেউ। ৬২৪ ছক্কায় সবার ওপরে রোহিত শার্মা। ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে ক্রিস গেইল, শাহিদ আফ্রিদির ছক্কা ৪৭৬টি। চারশ ছক্কা নেই আর কারও।

মাহমুদউল্লাহকে দিয়ে ছক্কার ডাবল সেঞ্চুরিয়ান এখন ৪১ জন। 

মাইলফলকের ম্যাচে মাহমুদউল্লাহর ফিফটি, তানজিদ হাসানের ৬০ বলে ৬০, মেহেদী হাসান মিরাজের ১০১ বলে ৭৪ ও জাকের আলির ৪০ বলে ৪৮ রানের ইনিংসে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৯৪ রান।