‘অস্ট্রেলিয়াই ভয় পাবে যে বাংলাদেশের গ্রুপে পড়েছে’
প্রবল আত্মবিশ্বাসকে সঙ্গী করে উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানে যাচ্ছে বাংলাদেশ।
গ্রুপে যখন সঙ্গী অস্ট্রেলিয়ার মতো দল, প্রতিপক্ষ দলগুলির তখন প্রমাদ গোনার কথা। ভড়কে যাওয়াদের দলে নেই সুমাইয়া আক্তার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের ধারণা, বাংলাদেশকে গ্রুপে দেখেই উল্টো শঙ্কিত থাকবে অস্ট্রেলিয়া।
এবারের অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার। সুমাইয়াদের গন্তব্য আপাতত শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপে।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সুমাইয়া সুনির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলেননি। তবে ভালো করার আশাবাদ শুনিয়েছেন তিনি।
“আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব।”
“আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।”
ভালো করার পথে বড় বাধা হতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু সুমাইয়ার সেই দুর্ভাবনা নেই একটুও।
“অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।”
সুমাইয়ার এমন আত্মবিশ্বাস দেখে চমকে উঠতে পারেন অনেকেই। তবে গত অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছিল বাংলাদেশ। পরে সুপার সিক্স পর্বে ভালো করেও রান রেটের কারণে সেমি-ফাইনালে খেলতে পারেনি তারা।
এবারও চার গ্রুপের প্রতিটি ধেকে তিনটি করে দল যাবে সুপার সিক্স পর্বে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে। টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল।
এই দলকে দিয়েই দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের কোনো দলকে কোচিং করাচ্ছেন সরওয়ার ইমরান। বাংলাদেশের ছেলেদের দলের অভিষেক টেস্টের কোচ ও দেশের ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই কোচও আশার কথা শোনালেন। যদিও ব্যাটিং নিয়ে একটু ভাবনার জায়গা তার আছে।
“দলের ফিল্ডিং, বোলিং এগুলো টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখনও… ভালো ব্যাটিং করে, তবে অভিজ্ঞতা কম। ম্যাচ খেলার, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম। এজন্য ব্যাটিংকে একটু ‘ইয়ে’ করে রাখছি। তার পরও গত দুই মাস ধরে অনুশীলন করে দলকে একটা অবস্থায় নিতে পেরেছি। আমি আশাবাদী যে দল ভালো করবে।”
কোচের কথার প্রমাণ পাওয়া গেছে কদিন আগে অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপেও। সুপার ফোর পর্বে ও পরে ফাইনালে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়েছিলেন সুমাইয়ারা। একটি ম্যাচে তাদের ইনিংস শেষ হয়েছিল ৭৬ রানে, আরেকটিতে ৮০ রানে।
এবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
অপেক্ষমান: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।
