Published : 28 Aug 2022, 01:47 PM
মিরপুরের চেয়ে কোনো অংশে কম অননুমেয় নয় শারজাহর উইকেট। কখনও ব্যাটিং স্বর্গ, কখনও স্পিন মঞ্চ। এখানেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। উইকেটে যদি এবার স্পিন ধরে, তাহলে আফগানদের হারানো কঠিন। যদিও এখনই নিজেদের এগিয়ে রাখার নানান সমীকরণে ডুব দিতে নারাজ আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করেছে আফগানিস্তান। ম্যাচের প্রথম দুই ওভারে তিন উইকেট নিয়ে লঙ্কানদের শুরুতেই হতচকিত করে দেন দুই আফগান পেসার ফজলহক ফারুকি ও নাভিন-উল-হক।
এরপর লঙ্কানদের আরও চেপে ধরেন তিন আফগান স্পিনার মুজিব উর রহমান, নবি ও রশিদ খান। দুটি করে উইকেট নেন মুজিব ও নবি। দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান উইকেট না পেলেও ৪ ওভারে রান দেন মাত্র ১২!
তিন আফগান স্পিনার মিলে ১২ ওভার বোলিং করে রান দেন স্রেফ ৫০।
এই তিন স্পিনার বিশ্বের যে কোনো উইকেটে প্রতিপক্ষের জন্য বড় হুমকি। সেখানে উইকেট যদি স্পিন সহায়ক হয়, তাহলে তো কথাই নেই!
তবে নবি এখনই সেসব ভাবনায় যেতে চাইলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নবি বলেন, উইকেটের আচরণ নিয়ে দ্বিধায় আছেন তারাও। শেষ পর্যন্ত উইকেট স্পিন সহায়ক হলেও নিজেদের বাড়তি সুবিধা তিনি দেখছেন না।
“আমি এখনও জানি না, পিচের আচরণ কি হবে। কখনও প্রপার ব্যাটিং পিচ পাওয়া যায়, কখনও কখনও টার্নিং পিচ মেলে। আমি জানি না (কী ধরনের পিচ পাওয়া যাবে)।”
“বাংলাদেশও দেশের মাটিতে এই ধরনের পিচেই খেলে। তারা ঘরের মাঠে অনেক ম্যাচ খেলে। আর আমরা এরই মধ্যে শারজাহতে অনেক ম্যাচ খেলেছি। দুই দলের জন্যই হয়তো উইকেট মানানসই হবে।”
মঙ্গলবার এই ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এই ম্যাচে জিতলেই সুপার ফোর পর্ব নিশ্চিত হয়ে যাবে আফগানদের। হারলেও তাদের সুযোগ থাকবে। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানের জয়ে তাদের রান রেট এখন হৃষ্টপুষ্ট।