২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজ মুলতান থেকে সরিয়ে নিল পাকিস্তান

মুলতান থেকে সরিয়ে লাহোর ও করাচিতে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ভেন্যু লাহোর ও করাচিতে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চার ওয়ানডের ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। প্রথমে কেবল মুলতানে তিন দলের এই লড়াইয়ের আয়োজন করেছিল পিসিবি। পূর্বের ভাবনা থেকে সরে এসে দুই ভেন্যুতে ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে লাহোরের গাদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এতদিন সংস্কার কাজ চলছিল। যার ফলে দীর্ঘদিন ধরেই এই দুই মাঠে হচ্ছিল না কোনো ম্যাচ। এই মৌসুমে পাকিস্তানে অনুষ্ঠিত সাত টেস্টের একটিও হয়নি এই দুই মাঠে। করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট হওয়ার কথা থাকলেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মুলতানে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দুটিও হবে মুলতানে।

প্রায় ৩০ বছর পর পাকিস্তানে হতে যাচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। তাই নতুন করে মাঠগুলো প্রস্তুত করা একরকম প্রয়োজন ছিল দেশটির। উল্লেখযোগ্য সংস্কার এসেছে গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে আসন সংখ্যা বাড়িয়ে ৩৫ হাজার করা হয়েছে। দুটি ডিজিটাল রিপ্লে স্ক্রিন বসানো হয়েছে। প্রায় একইধরনের সংস্কার এসেছে ন্যাশনাল স্টেডিয়ামেও। কিছু কাজ হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সঙ্গে একটি সেমি-ফাইনালও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও হবে সেখানে।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৮ দলের এই টুর্নামেন্টের।