Published : 14 May 2025, 10:50 PM
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা মুস্তাফিজুর রহমানের। এর আগে জানা গেল বড় একটি খবর। আইপিএলের বাকি অংশের জন্য তাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই খবর জানায় আইপিএল কর্তৃপক্ষ। দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে স্বাগত জানায় বাংলাদেশের বাঁহাতি পেসারকে। জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে নিয়েছে দিল্লি।
আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে যাওয়া ফ্রেজার-ম্যাকগার্ক আর ফিরছেন না ভারতে। তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে ৯ কোটি রুপিতে ধরে রেখেছিল দিল্লি। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এবার ২ কোটি রুপি। তবে নিলামে তাকে নেয়নি কোনো দল। এখন তাকে ৬ কোটি রুপিতে নিয়েছে দিল্লি।
মুস্তাফিজের নিজের তো বটেই, বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক এটিই। ২০০৯ আইপিএলে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা নাইট রাইর্ডাস। সেই সময়ের বাজারদর অনুযায়ী অঙ্কটি মুস্তাফিজের এখনকার পারিশ্রমিকের চেয়ে অনেক কম।
তবে আদৌ তিনি আইপিএলে এবার খেলতে পারবেন কি না, সেই সংশয় আছে প্রবল। আগামী শনিবার ও সোমবার শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী এরপর আছে পাকিস্তান সফর। দুটি সিরিজের দলেই আছেন মুস্তাফিজ। পাকিস্তান সফর নিয়ে যদিও অনিশ্চয়তা আছে এখনও। সফরটি না হলে মুস্তাফিজের আইপিএল খেলতে বাধা থাকবে না। তবে সফরটি হলে এই পেসারের জন্য তৈরি হবে জটিলতা।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিসিবি কিছুই জানে না। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্রও চাওয়া হয়নি এখনও।
শেষ পর্যন্ত মুস্তাফিজ আইপিএলে যেতে পারলে দিল্লি ক্যাপিটালসে এটা হবে তার তৃতীয় উপস্থিতি। ২০২২ ও ২০২৩ আইপিএলেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।। দুই আসর মিলিয়ে ১০ ম্যাচে তিনি নেন ৯ উইকেট। পরের বছর তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে উইকেট শিকার করেন ৯ ম্যাচে ১৪টি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে পা রাখেন মুস্তাফিজ। দারুণ পারফরম্যান্সে সেবার সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জেতেন। এই স্বীকৃতি পাওয়া একমাত্র বিদেশী ক্রিকেটার এখনও পর্যন্ত তিনিই। পরে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে দিল্লি। প্লে-অফের টিকেট পেতে বাকি তিন ম্যাচ তাই অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য।