বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন গিল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে শুভকামনা জানিয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
শুবমান গিলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে আলোচনা চলছেই। এবার বৈশ্বিক আসরের দলে জায়গা না পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। সঙ্গে বিশ্বকাপের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে শিরোপাধারী ভারত। যেখানে গিলকে না রাখার পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন অনেকে, দিচ্ছেন এখনও। কেউ কেউ গিলের বাদ পড়ায় হয়েছেন বিস্মিত।
এতদিন পর এসে বাদ পড়া নিয়ে নিজের ভাবনা জানালেন গিল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২৬ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, তার ভাগ্যে যা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না।
“আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে শুভকামনা।”
“যেখানে থাকতে চাই সেখানেই আছি, আর আমার ভাগ্যে যা লেখা আছে তা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একজন খেলোয়াড় সবসময় বিশ্বাস করে যে, সে দেশের জন্য তার সেরাটা দেবে এবং নির্বাচকরা তাদের সিদ্ধান্ত নিয়েছেন।”
গিলের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়া অবশ্য আকস্মিক কোনো ঘটনা নয়। এই সংস্করণে তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না; সবশেষ ১৫ ম্যাচে কোনো ফিফটি করতে পারেননি তিনি। এই ফর্মহীনতাই বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার পথে বাধা হয়েছে দাঁড়িয়েছে।
গিলকে টি-টোয়েন্টিতে খেলানো নিয়েই অনেকদিন ধরে ভারতীয় ক্রিকেটে চলছিল আলোচনা-সমালোচনা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে অনেকটা হুট করেই ১৩ মাস পর টি-টোয়েন্টি দলে ফেরানো হয় তাকে। তখন থেকেই উঠছিল অনেক প্রশ্ন। পরে একের পর এক ম্যাচে ভালো করতে না পারায় সেগুলো আরও উচ্চকিত হয়। শেষ পর্যন্ত গিলকে বিশ্বকাপ দলে রাখেনি ভারত।
ভারতের হয়ে টি-টোয়েন্টি এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১৩৮.৫৯ স্ট্রাইক রেটে ৮৬৯ রান করেছেন গিল। ব্যাটিং গড় কেবল ২৮.০৩। একটি সেঞ্চুরির সঙ্গে করেছেন তিনটি ফিফটি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ১৭৫ ম্যাচ খেলে পাঁচ হাজার ৪১২ রান করেছেন গিল ১৩৮.৮০ স্ট্রাইক রেট ও ৩৬.৮১ গড়ে। নামের পাশে ছয় সেঞ্চুরি ও ফিফটি ৩২টি।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
