‘এশিয়া কাপের জন্য প্রস্তুত’, উইন্ডিজের কাছে হেরে পাকিস্তান অধিনায়ক
দলে কিছু জায়গায় অবশ্য উন্নতির প্রয়োজন দেখছেন সালমান আলি আগা।
শেষ বলের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেলেও, খুব একটা চিন্তিত নন সালমান আলি আগা। উল্টো অল্প রান নিয়েও শেষ অবধি লড়াই করতে পারায় দলের প্রশংসা করছেন তিনি। পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়কের চোখে, আসছে এশিয়া কাপের জন্য প্রস্তুত তার দল।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় রোববার সকালে উত্তেজনায় ঠাসা ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে জেসন হোল্ডারের বাউন্ডারিতে প্রতিপক্ষের ১৩৩ রান পেরিয়ে জয় খরায় কাটায় ক্যারিবিয়ানরা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান হেরেছে মূলত ব্যাটিং ব্যর্থতায়। দলটির হয়ে ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪০ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে। দেড়শর কম পুঁজি নিয়ে টি-টোয়েন্টিতে জেতা কঠিন। তবে বোলারদের চমৎকার পারফরম্যান্সে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান।
পাকিস্তানের হয়ে এদিন বল হাতে আলো ছড়ান মোহাম্মদ নাওয়াজ। বাঁহাতি স্পিনে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আগের ম্যাচেও তার শিকার ছিল ২৩ রান খরচায় তিনটি।
বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম আগের ম্যাচের মতো এবারও নেন একটি উইকেট। অফ স্পিনে দুই ম্যাচেই দুটি করে উইকেট নিলেন ‘পার্টটাইমার’ সাইম আইয়ুব।
ম্যাচ শেষে দলের লড়াকু মনোভাবের প্রশংসা করলেও কিছু জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন সালমান।
“এই ম্যাচে পাওয়ার প্লেতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। যেভাবে চেয়েছিলাম, ম্যাচটি সেভাবে শেষও করতে পারিনি। তবে আমরা ভালো বোলিং ও ফিল্ডিং করেছি।”
“উন্নতির জায়গা সব সময়ই থাকে। আমাদের ডেথ বোলিং আরও ভালো হতে পারে। ১৩০ রান কখনোই যথেষ্ট নয়, তবে তারা (বোলাররা) সত্যি ভালো লড়াই করেছে। দুই ম্যাচেই স্পিনাররা যেভাবে বোলিং করেছে, আমার মনে হয়, আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত। ”
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে হবে এবারের এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। দুই দিন পর তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। গ্রুপ পর্বে সালমানদের শেষ ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে, ১৭ সেপ্টেম্বর।
