বিসিবি নির্বাচন: ৬ জেলা ও ১৫ ক্লাবের প্রতিনিধি নেই খসড়া ভোটার তালিকায়
অনেক নাটকীয়তার পর তফসিলে নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা দেরিতে বিসিবির নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও সেটি জন্ম দিয়েছে নতুন বিতর্কের।
অনেক নাটকের পর অবশেষে বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমে ঘোষিত তফসিলের নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর এই তালিকা প্রকাশ করা হয়। তবে সেটি জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে এই ভোটার তালিকায়। এছাড়াও কাউন্সিলর তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবে।
নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলের নাম নেই এই তালিকায়।
গত শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় ছিল সোমবার সন্ধ্যা ৭টা। সেই তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।
তালিকা প্রকাশের মিনিটখানেক আগে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সেখানে উল্লেখ করা হয়, খসড়া তালিকা প্রকাশের নির্ধারিত সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা। এরপরই খসড়া তালিকা প্রকাশ করা হয়।
ছয় জেলার প্রতিনিধি না থাকা ও তফসিল সংশোধন করার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
ছয় জেলার প্রতিনিধি ফাঁকা থাকা ছাড়াও আরও একটি বড় বিতর্কের অবকাশ আছে খসড়া ভোটার তালিকায়। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে আছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার নামের পাশে উল্লেখ করা আছে, সোমবার রাত সাড়ে ৮টায় তার নাম জমা পড়েছে। তখনও পর্যন্ত তফসিল সংশোধিত হয়নি ও খসড়া তালিকা প্রকাশের সময় আনুষ্ঠানিকভাবে বাড়ানো হয়নি। যেটির মানে, তার কাউন্সিলর হওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন থাকছে।
খসড়া ভোটার তালিকার আরেকটি উল্লেখযোগ্য দিক, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন মো: ছিবগাত উল্লাহ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি নিজেই বিসিবির তিন সদস্যের নির্বাচন কমিটির সদস্য।
বিতর্কের শেষ নয় এখানেই। ভোটার তালিকায় ২ নম্বর ক্যাটেগরি থেকে থাকার কথা ৭৬ জনের। তবে সেখানে নাম আছে কেবল ৬১ জনের। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিপক্ষে দুদকের তদন্ত চলছে, সেই ক্লাবগুলির মধ্যে ১৫টি ক্লাবের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে পাঠানো হয়। কিন্তু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “যেহেতু দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে প্রকাশ্য তদন্তের সুপারিশ করিয়াছেন তাই ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ বিবেচনা করে ও জাতীয় স্বার্থে উক্ত নির্বাচন কমিশন ১৫টি ক্লাবকে বাইরে রেখে ৬১ ক্লাব নিয়ে ক্যাটেগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করিবার সিদ্ধান্ত গ্রহণ করে।”
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত ওই ক্লাবগুলোর সহজে মেনে নেওয়ার কারণ নেই। এখানে তাই আইনি লড়াইয়ের আভাস নিশ্চিতভাবেই থাকছে।
খসড়া ভোটার তালিকায় ক্যাটেগরি-১ থেকে আছেন ৭১ জন। ময়মনসিংহ ছাড়া অন্য সাতটি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ৬৪ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা আছেন এখানে।
৩ নম্বর ক্যাটেগরিতে আছে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। এখানে আছেন ৪৫ জন।
সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১৭৭ জন।
সংশোধিত তফসিল অনুযায়ী, এই ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপত্তির ওপর শুনানি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুক্রবার বিকেল ৪টায়।
সংশোধিত তফসিলেও নির্বাচনের তারিখ রাখা হয়েছে ৬ অক্টোবরই।
