২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজের আগে রোহিত-কোহলির প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

টেস্ট সিরিজের আগে লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফির দলে রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে না রাখার সিদ্ধান্ত মানতে পারছেন না ভারতের ব্যাটিং গ্রেট।

বাংলাদেশ সিরিজের আগে রোহিত-কোহলির প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার
রোহিত শার্মা (বাঁয়ে) ও ভিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফির দলে রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনিল গাভাস্কার। ভারতের ব্যাটিং গ্রেটের মতে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য লাল বলের ম্যাচ খেলা দরকার দুই তারকা ব্যাটসম্যানের।

ভারতের ২০২৪-২৫ ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে দুলিপ ট্রফি দিয়ে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটির চারটি দলে রাখা হয়েছে লোকেশ রাহুল, ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, রিশাভ পান্ত, সুরিয়াকুমার ইয়াদাভ, রবীন্দ্র জাদেজার মতো তারকাদের। রোহিত, কোহলির পাশাপাশি ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকেও কোনো দলে রাখেননি নির্বাচকরা।

ফিটনেস ও ‘ওয়ার্কলোড’ বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। রোহিত ও কোহলিকে দলে না রাখার প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ভারতের দীর্ঘ লাল বলের মৌসুম সামনে রেখে এই দুজনের চোটে পড়ার ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণ থেকে অবসর নেন রোহিত ও কোহলি। জাতীয় দলের হয়ে এখন শুধু ওয়ানডে ও টেস্ট খেলবেন তারা। এই মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে তারা খেলেন তিনটি ওয়ানডে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে শুরু প্রথম টেস্টের আগে আর ম্যাচ অনুশীলনের সুযোগ পাচ্ছেন না দুজন। 

সুনিল গাভাস্কার

সুনিল গাভাস্কার

মিড-ডে’তে নিজের কলামে রোববার গাভাস্কার লিখেছেন, বুমরাহর বিষয়টি বোধগম্য হলেও রোহিত ও কোহলিকে দুলিপ ট্রফিতে না খেলানোর সিদ্ধান্ত ভালো লাগেনি তার।

“নির্বাচকরা দুলিপ ট্রফির জন্য অধিনায়ক রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে দলে রাখেনি, তাই তারা সম্ভবত খুব বেশি ম্যাচ অনুশীলন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামবে।”

“যদিও এটা বোধগম্য যে, জাসপ্রিত বুমরাহর মতো একজন খেলোয়াড়কে তার পিঠের অবস্থা নিয়ে যত্ন সহকারে সামলাতে হবে। তবে ব্যাটসম্যানরা উইকেটে কিছুটা সময় ব্যাট করতে পারত। যেকোনো খেলায় একজন খেলোয়াড় ৩০ বছর বয়সে পৌঁছে গেলে, নিয়মিত খেলাই তাকে তার নির্ধারিত উঁচু মান ধরে রাখতে সাহায্য করে। যখন লম্বা বিরতি পড়ে যায়, তখন পেশি কিছুটা দুর্বল হয়ে যায় এবং আগের উঁচু মানে ফিরে যাওয়া সহজ হয় না।” 

গত জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি কোহলি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। 

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।