২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতের ভিসা নিশ্চিত করতে ‘কাজ করছে’ আইসিসি

এরই মধ্যে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিয়েছে ভারত, খবর পিটিআইয়ের।

পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতের ভিসা নিশ্চিত করতে ‘কাজ করছে’ আইসিসি
ইংলিশ দুই স্পিনার আদিল রাশিদ (বাঁয়ে) ও রেহান আহমেদ। ছবি: এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 09:30 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ভারতের ভিসা পেতে সবসময়ই বাধার সম্মুখীন হতে হয় পাকিস্তানি বংশোদ্ভূত অন্য দেশের ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও সেই সমস্যায় পড়েছেন অনেকেই। তাদের ভিসা নিশ্চিত করতে কাজ করছে আইসিসি, খবর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সেখানে অংশ নিতে যাওয়া বিভিন্ন দলেই আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। আর ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতায় পড়েছেন তারা। 

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, বিভিন্ন দেশের স্কোয়াডে থাকা ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও কর্মকর্তাদের ভারতের ভিসা নিশ্চিত করতে কাজ করছে আইসিসি।

ভিসা-জটিলতার বিষয়টি সামনে আসে চলতি মাসের শুরুর দিকে। যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলি খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তাকে ভিসা দেয়নি ভারত। পরে যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা পেনা জানান, ভিসা না পাওয়াদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত আরও তিন ক্রিকেটার-শায়ান জাহাঙ্গির, এহসান আদিল ও মোহাম্মাদ মহসিন।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরি সম্পর্কের প্রভাব ক্রিকেটেও পড়ছে অনেক বছর ধরেই। ভারতে সিরিজ কিংবা টুর্নামেন্টে খেলতে অতীতে ভিসা-জটিলতার সম্মুখীন হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত অনেকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, ইংল্যান্ডের আদিল রাশিদ, রেহান আহমেদ ও শোয়েব বাশিরসহ আরও ক্রিকেটাররা।

এবারও ভারতের ভিসা পাওয়া নিয়ে শুরুতে ঝামেলায় পড়েন ইংল্যান্ডের রাশিদ, রেহানের পাশাপাশি সাকিব মাহমুদ। তবে পরে তাদের তিনজনকেই ভিসা দেওয়া হয়েছে, খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।

এছাড়া নেদারল্যান্ডস দলের পাকিস্তানি বংশোদ্ভূত সদস্যরাও ভিসা পেয়েছেন। কানাডা দলের স্টাফ শাহ সেলিম জাফারের ভিসাও হয়েছে।

এখন সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, ও কানাডা দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তারা ভারতের ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন। এই দলগুলোর জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ আগামী সপ্তাহের শুরুতেই নির্ধারণ করা হয়েছে, ধারণা করা হচ্ছে এটাই ভিসা প্রক্রিয়ার শেষ ধাপ।

ভিসা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। পুরো সমন্বয় প্রক্রিয়ায় বিভিন্ন দেশের ভারতীয় হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে আইসিসি। পাকিস্তানি বংশোদ্ভূত বাকি ক্রিকেটাররা যেন নির্বিঘ্নে ভিসা পায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি।

ভারতের সংবাদ মাধ্যমের খবর, নির্ধারিত সময়ের মধ্যে বাকিদের ভিসা দেওয়ার কাজ শেষ হবে বলে আইসিসিকে আশ্বাস দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।