Published : 29 Aug 2026, 09:50 PM
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হয়েছেন নতুন তিন সদস্য। এছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিনিয়রদের সহায়তা নিতে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে পেশাদার ক্রিকেটারদের সংগঠনটি।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন মোহাম্মদ মিঠুন। কেন্দ্রীয় কমিটির বাকি ১০ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সেসব পদে কোনো নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়া এই ১০ জনের মধ্যে ইতোমধ্যে তিন জন পদত্যাগ করেছেন।
২০২৫ সালে বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ায় খালেদ মাসুদ, আর বয়সভিত্তিক দলের নির্বাচক হয়ে বিসিবির চাকরিতে যোগ দেওয়া শামসুর রহমান সরে দাঁড়ান কোয়াবের কেন্দ্রীয় কমিটি থেকে। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করা ইমরুল কায়েস সময় দিতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা কোয়াবকে জানিয়েছেন।
তাদের জায়গায় সাবেক তিন টেস্ট ক্রিকেটার মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানাকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন গঠনতন্ত্র মেনেই তাদেরকে কমিটিতে নেওয়া হয়েছে।
“আমাদের নিয়ম হচ্ছে কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা যদি একমত হন, তবে নতুন কাউকে যুক্ত করতে আর কোনো নির্বাচনের প্রয়োজন হয় না। বেশিরভাগ সদস্য রাজি থাকলেই সিদ্ধান্ত কার্যকর হয়।”
এছাড়া, চার সাবেক অধিনায়কের পাশাপাশি নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৪ জন সাবেক ক্রিকেটারকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটি গঠনের প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেছেন মোহাম্মদ মিঠুন।
“সিনিয়রদের নিয়ে উপদেষ্টা কমিটি করার উদ্দেশ্য হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আমরা মাসে বা দুই মাসে একবার ওনাদের সঙ্গে বসব। গত দুই মাসে আমরা কী কী কাজ করেছি, সেগুলো উনাদের সাথে শেয়ার করব। ওনাদের যদি নতুন কোনো পরিকল্পনা থাকে বা কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে উনারা পরামর্শ দেবেন।”
“কোয়াবের মাধ্যমে আগে আমরা সবাইকে এক করতে পারিনি, এটা একটা সমস্যা ছিল। এর (উপদেষ্টা কমিটি) মূল উদ্দেশ্য হল, এখানে বয়সের কোনো ভেদাভেদ থাকবে না। ক্রিকেটার মানেই ক্রিকেটার। সিনিয়র থেকে শুরু করে নতুন যারা খেলছে, সবাই যেন একই প্ল্যাটফর্মে থাকে।”
এই উপদেষ্টা কমিটিতে আছেন- খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, সালমা খাতুন, শাহরিয়ার নাফীস, সৈয়দ আশরাফুল হক, আতাহার আলি খান, সাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শাহেদ, শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইশতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি ও আনিসুল হাকিম।