পাকিস্তানে প্রথম টেস্টে অনিশ্চিত স্টোকস
অবশ্য আগামী দুই দিনের মধ্যে যদি অন্তত ব্যাটিংয়ের জন্যও ফিট হতে পারেন, তাহলেও বেন স্টোকসকে একাদশে রাখা হতে পারে।
হ্যামস্ট্রিংয়ে চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বেন স্টোকস। ফলে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড অধিনায়কের খেলার সম্ভাবনা ক্রমেই কমে আসছে।
মুলতানে আগামী সোমবার শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আগামী দুই দিনের মধ্যে স্টোকস যদি অন্তত ব্যাটিংয়ের জন্যও ফিট হতে পারেন, তাহলেও তাকে একাদশে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতেও অনেকবার শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
গত অগাস্টের শুরুতে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’-এ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। ওই চোটে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।
এবারের পাকিস্তান সফরে প্রথম টেস্টের ভেন্যু মুলতানে শুক্রবার প্রথমবার অনুশীলন করেছে ইংল্যান্ড দল। নেটে ব্যাটিং ঠিকঠাকই করেছেন ১০৫ টেস্টে ৩৫.৭৫ গড়ে ছয় হাজার ৫০৮ রান করা স্টোকস। কিছু বোলিংও করেছেন; তবে পূর্ণ গতিতে নয়।
দীর্ঘমেয়াদের চোট কাটিয়ে বোলিংয়ে ফেরার আগে, গত বছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত টেস্টে তিনি বোলিং করেননি। টেস্টে ১৫২ ইনিংসে বোলিং করে ২০৩ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
গত সপ্তাহে অবশ্য স্টোকস নিজেই বলেছিলেন, সিরিজে শুরুর দিকে হয়তো বোলিং করতে পারবেন না তিনি। প্রথম টেস্টে অধিনায়কের খেলার সম্ভাবনার প্রশ্নে ওপেনার জ্যাক ক্রলি বিবিসি স্পোর্টকে আশার কথাই শোনালেন।
“মনে হচ্ছে, তিনি ভালোভাবেই এগোচ্ছেন, চোট থেকে ভালোভাবে সেরে উঠছেন। আসলে এখনও আমরা ঠিক জানি না। আমার মনে হয়, তার আরও কিছু পরীক্ষা করা হবে। তবে (অনুশীলনে) তিনি দৌড়ানো এবং আরও কিছু কাজ করছেন।”
শেষ পর্যন্ত স্টোকস যদি কেবল ব্যাটসম্যান হিসেবে খেলার মতো সুস্থ হয়ে ওঠেন, তাহলে ইংল্যান্ড দলে ভারসাম্য আনতে হয়তো নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল ইংল্যান্ড। স্টোকসকে নিয়ে তারা যদি সেই পরিকল্পনায় এগোতে চায়, তাহলে একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে তাদের বাইরে রাখতে হবে।
