২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই ওভারে ৬ রান দিয়ে রিশাদের ২ উইকেট

১৯তম ওভারে কেবল এক রান দিয়ে মার্নাস লাবুশেনকে বিদায় করেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

শেষ দুই ওভারে ৬ রান দিয়ে রিশাদের ২ উইকেট
হোবার্ট হারিকেন্সের কিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের সঙ্গে উদযাপনে রিশাদ হোসেন (ডানে)। ছবি: রিশাদের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও আলো ছড়ালেন তিনি। বিশেষ করে, কোটার শেষ দুই ওভারে তো অসাধারণ ছিলেন হোবার্ট হারিকেন্সের এই লেগ স্পিনার।

ঘরের মাঠে বুধবার ব্রিজবেন হিটের বিপক্ষে চমৎকার বোলিংয়ে চার ওভারে কেবল ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ। দুটি উইকেটই পেয়েছেন তিনি নিজের শেষ দুই ওভারে, তাও আবার স্রেফ ৬ রান দিয়ে!

রিশাদ নিজের সেরাটা দিয়েছেন বোধহয় ডেথ ওভারে বোলিংয়ে এসে। ইনিংসের ১৯তম ওভারে স্রেফ এক রান দিয়ে মার্নাস লাবুশেনকে বিদায় করেন বাংলাদেশের এই ক্রিকেটার।

২৩ বছর বয়সী রিশাদ তার ২৪ বলের মধ্যে ৯টিতেই ব্যাটসম্যানদের রান নিতে দেননি। দুটি চার ও একটি ছক্কা হজম করেন। সবগুলো বাউন্ডারিই দেন নিজের দ্বিতীয় ওভারে।

টস হেরে ফিল্ডিং নেওয়া হারিকেন্স এদিন পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আনে রিশাদকে। উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুয়েনির বিপক্ষে কেবল পাঁচটি সিঙ্গল দেন তিনি।

দারুণ শুরু করা রিশাদ নবম ওভারে ফের বল হাতে পেয়ে ছিলেন খরুচে। তার প্রথম ডেলিভারি ম্যাকসুয়েনির ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে যায় বাউন্ডারিতে। পরের বলে সিঙ্গল নেন ম্যাকসুয়েনি। তৃতীয় ডেলিভারিতে রান নিতে পারেননি ম্যাট রেনশ।

পরের দুই বলে রিশাদকে চার ও ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রেনশ। সোজা ব্যাটে চার মারার পরের ডেলিভারিতে পুল শটে স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে উড়িয়ে ফেলেন তিনি। শেষ বলে নেন সিঙ্গল। ওভারটিতে ১৬ রান দেন রিশাদ।

ঘুরে দাঁড়াতে অবশ্য দেরি করেননি রিশাদ। চতুর্দশ ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলে চার রান দেন তিনি। পঞ্চম ডেলিভারিতে রেনশকে ফিরিয়ে নেন প্রতিশোধও। ছক্কার চেষ্টায় ডিপ পয়েন্টে ধরা পড়েন রেনশ। ৫ রান দিয়ে ওভার শেষ করেন রিশাদ।

শেষের আগের ওভারে রিশাদের ওপর আস্থা রাখেন হোবার্ট হারিকেন্সের অধিনায়ক ন্যাথান এলিস। দারুণ বোলিংয়ে প্রতিদানও দেন রিশাদ। তার প্রথম ডেলিভারিতে ব্যাটে লাগাতে পারেননি জিমি পিয়ারসন। লেগ বাই থেকে আসে এক রান। পরের বলটি রিভার্স সুইপে শর্ট থার্ডম্যানের কাছে মেরে রান নিতে পারেননি লাবুশেন। 

পরের ডেলিভারিতেও একই চেষ্টা করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এবারও তাকে সুযোগ দেননি রিশাদ। কোনোমতে শর্ট ফাইন লেগে খেলে এক রান নিতে পারেন তিনি। চতুর্থ বলটি এবার রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যাটেই লাগাতে পারেননি পিয়ারসন, পায়ে লাগা বল থেকে দৌড়ে এক রান নেন তারা।

পঞ্চম বলটি উড়িয়ে মারেন লাবুশেন। কিন্তু সীমানা পার করতে পারেননি তিনি। ডিপ লং-অনে ধরা পড়েন মিচেল ওয়েনের হাতে। শেষ বলে ব্যাটেই লাগাতে পারেননি মাইকেল নিসার।

রিশাদ ও বাকিদের অবদানে ব্রিজবেন হিটকে ১৬০ রানে আটকে রাখে হোবার্ট হারিকেন্স।

এবারই প্রথম বিগ ব্যাশে খেলছেন রিশাদ। টুর্নামেন্টে নিজের অভিষেক আসরেই সামর্থ্যের ছাপ রাখছেন তিনি চমৎকার বোলিংয়ে। এখন পর্যন্ত ৯ ইনিংসে বোলিং করে ১৩ শিকার ধরেছেন রিশাদ। সেরা বোলিং ২৬ রানে ৩ উইকেট।