২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ বাছাইয়ে ‘ট্যালেন্ট হান্ট’ করবে বিসিবি

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের তুমুল বিতর্কিত ও সমালোচিত সিদ্ধান্ত ছিল তৃতীয় বিভাগ বাছাই লিগ সঙ্কুচিত করা, ১০ বছর পর অবশেষে নতুন প্রাণ ফিরে পাচ্ছে নতুন প্রতিভা উঠে আসার উৎস এই লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

‘জানি না শান্ত আগে কখনও শপথবাক্য পাঠ করিয়েছেন কি না, তাই শান্তর জন্য এটি অভিষেক’- নাজমুল হোসেন শান্তকে এভাবেই ডেকে নিলেন সঞ্চালক। জাতীয় দলের অধিনায়কের হাতে তখন লিখিত শপথবাক্য। পরে তার সঙ্গে সমস্বরে সেই শপথ পাঠ করলেন ৬০ ক্রিকেটার।

এই ক্রিকেটাররা সবাই তৃতীয় বিভাগ বাছাই লিগের বিভিন্ন দলের অধিনায়ক। দীর্ঘ দিন পর দেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হতে যাওয়া স্বচ্ছতা নিশ্চিত করতেই এই আয়োজন। এই লিগ থেকে সহজাত প্রতিভা তুলে আনার আশা বিসিবির।

সততার শপথ পাঠসহ বর্ণিল আয়োজনে শনিবার উদ্বোধন হয় তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি, বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার, জাতীয় দলের অধিনায়ক শান্ত ছিলেন এই অনুষ্ঠানে।

লিগে উঠতি ক্রিকেটারদের ব্যাটে-বলে আগুনের স্ফুলিঙ্গ দেখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের শুরুতেই আগুন নিয়ে কসরতের বিশেষ প্রদর্শনী করা হয়। পরে অংশগ্রহণকারী ৬০ দলের অধিনায়ককে শপথবাক্য পাঠ করান শান্ত। যেখানে টুর্নামেন্টে যে কোনো ধরনের অসদুপায় ও অসততা অবলম্বন থেকে বিরত থাকার কথা বলা হয়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই লিগ থেকে নতুন প্রতিভা তুলে আনার কথা বলেন বিসিবি সভাপতি।

“এখান থেকে কিছু সহজাত প্রতিভা উঠে আসবে। সবসময় যে এখান থেকে ক্রিকেটার পাব, তা জরুরি নয়। তবে আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিংয়ের মতো ব্যাপার হবে।” 

“তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা প্রতিভাবান থাকবে, আমাদের লোকজন খেলা দেখবে, তারা প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করবে। সংখ্যায় যতোই হোক, পরবর্তীতে তাদের যেন আমরা পরিচর্যা করতে পারি। সহজাত প্রতিভা বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশের ক্লাব ক্রিকেটে নতুন প্রতিভা উঠে আসার বড় উৎস ছিল এই তৃতীয় বিভাগ বাছাই। তবে ২০১৪-১৫ মৌসুম থেকে নিস্তব্ধ হয়ে পড়েছিল এটি। এই লিগে খেলার ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ওই বছর থেকে ৫ লাখ টাকা নির্ধারণ করে তৎকালীন ক্রিকেট বোর্ড। একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকাও বাধ্যতামূলক করা হয়।

এসব কারণে ক্রমেই দল কমতে থাকে লিগে। এমনক স্রেফ দুটি দলের অংশগ্রহণের ঘটনা আছে। গত কয়েক বছরে পাঁচটি দলের বেশি অংশ নেয়নি এই লিগে।

এটা নিয়ে নাজমুল হাসানের নেতৃত্বাধীন বোর্ডকে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে এভাবেই চালিয়ে গেছেন তারা। ক্লাব ক্রিকেটে নিজেদের দাপট প্রতিষ্ঠা করতে এবং বিসিবি নির্বাচনের জন্য নিজেদের পছন্দের কাউন্সিলর রাখতেই এমন জটিল নিয়ম করা হয়েছিল বলে অভিযোগ ছিল সেই সময়। 

গত অগাস্টে বিসিবির দায়িত্ব নেওয়ার পর ফারুক বলেছিলেন, তৃতীয় বিভাগ বাছাই লিগ পুনরুজ্জীবিত করতে চান তিনি। সেই ধারাবাহিকতায় এন্ট্রি ফি কমিয়ে করা হয় ১ লাখ টাকা। একইসঙ্গে উঠিয়ে দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকার বাধ্যবাধকতা।

নিয়ম শিথিল হওয়ার পর প্রাথমিকভাবে ৯২টি দল নাম লেখায় লিগে। শেষ পর্যন্ত এন্ট্রি ফি জমা দেয় ৬২টি দল। সেখান থেকে ৬০টি দল চূড়ান্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রতি গ্রুপে ৫টি করে দল নিয়ে ১২টি গ্রুপ করা হয়েছে। গ্রুপ পর্বে ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে একেক দল। পরে গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সুপার লিগের টিকেট।

সুপার লিগের ১২ দলকে আবার ভাগ কর হবে দুই গ্রুপে। যেখানে একেকটি দল খেলবে ৫টি করে ম্যাচ। দুই গ্রুপের শীর্ষে থাকা দল পাবে তৃতীয় বিভাগে লিগে খেলার টিকেট।

সোমবার থেকে মাঠে গড়াবে বাছাই লিগ। চলতি মাসে হবে প্রথম রাউন্ডের প্রথম ছয় গ্রুপের খেলা। আগামী মাসে বাকি ছয় গ্রুপের খেলা হবে।

ম্যাচগুলো হবে পঞ্চাশ ওভারের। তবে খেলা হবে লাল বলের, সাদা পোশাকে। সাতটি ভিন্ন মাঠে হবে খেলাগুলো- সিটি ক্লাব, পিকেএসপি (পুবেরগাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ১ ও ২, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেঘরিয়া স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমি মাঠ।