দারুণ সেঞ্চুরিতে পোপের অনন্য কীর্তি, ডাকেটের বিধ্বংসী ৮৬
ওভাল টেস্টে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে ইংল্যান্ড।
মেঘলা আকাশের নিচে গুমোট আবহাওয়া। গোটা দিনে একবারও মিলল না রোদের দেখা। তবে ব্যাট হাতে আলো ছড়ালেন বেন ডাকেট ও অলিভার পোপ। আগ্রাসী ব্যাটিংয়ে বিনোদনদায়ী ইনিংস খেললেন ডাকেট। সিরিজের প্রথম দুই টেস্টের ব্যর্থতার বৃত্ত ভেঙে অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন পোপ। গড়লেন দারুণ কীর্তি। বড় সংগ্রহের ভিত পেয়ে গেল ইংল্যান্ড।
লন্ডনের দা ওভালে বৃষ্টি আর আলোকস্বল্পতায় সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে স্রেফ ৪৪.১ ওভার। ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২২১।
বেন স্টোকসের চোটে এই সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে প্রথম দুই টেস্টে স্রেফ ৩০ রান করতে পারেন পোপ। দুই অঙ্কে যেতে ব্যর্থ হন তিনবার।
এবার তিনি অপরাজিত আছেন ১০৩ রানে। ১০৩ বলের ইনিংসে ১৩ চারের পাশে ছক্কা আছে ২টি।
পোপের এটি সপ্তম টেস্ট সেঞ্চুরি, সবগুলোই ভিন্ন সাত দলের বিপক্ষে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৭ সেঞ্চুরি ভিন্ন সাত দলের বিপক্ষে করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনিই।
ঘরের মাঠ ওভালে পোপের প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ড বরাবরই দুর্দান্ত। এই টেস্টে নামার আগে এই মাঠে প্রথম শ্রেণিতে ২৯ ম্যাচের ৪৩ ইনিংসে তার ব্যাটিং গড় ছিল ৮০.৬৪। ১১ সেঞ্চুরির পাশে ফিফটি ৮টি।
তবে এখানে পাঁচ টেস্ট ইনিংসে তার প্রথম সেঞ্চুরি এটিই। আগের চার ইনিংসে সর্বোচ্চ ছিল ৮১।
ওপেনার ডাকেট ৯ চার ও ২ ছক্কায় ৭৯ বলে খেলেন ৮৬ রানের ইনিংস।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শুক্রবার ব্যাটিং চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করা হচ্ছিল। টস জিতে অনুমিতভাবে বোলিং নেয় চার পেসারের শ্রীলঙ্কা। কিন্তু লাইন ও লেংথে ধারাবাহিক হতে পারেননি তাদের বোলাররা। সুযোগটা কাজে লাগান ইংলিশ ব্যাটসম্যানরা। স্বাগতিকরা এদিন রান তুলেছে ওভারপ্রতি ৫ করে।
প্রথম ১১ বলে ২ রান করা ডাকেট পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। তার উদ্বোধনী জুটির সঙ্গী ড্যান লরেন্স ব্যর্থ হন আরেকবার। লাহিরু কুমারার শর্ট বল পুল করার চেষ্টায় ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
টানা তিন ইনিংসে দুই অঙ্কে যেতে পারলেন না এই সিরিজ দিয়ে আড়াই বছর পর টেস্টে ফেরা ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।
ডাকেট ফিফটি করেন ৪৮ বলে। এরপরই আলোকস্বল্পতায় প্রথম দফায় বন্ধ হয়ে যায় খেলা, পরে নামে বৃষ্টি। লাঞ্চ বিরতি নেওয়া হয় আগেভাগে।
লম্বা সময় পর আবার শুরু হয় খেলা। ডাকেট ও পোপ এগিয়ে নেন দলকে। ডাকেট আপার কাট করে মারেন ছক্কা। একটি করে ছক্কা ও চার মারেন তিনি স্কুপ করে। সেই স্কুপই কাল হয় তার জন্য। মিলান রাত্নায়েকের বলে টাইমিং হয়নি ঠিকমতো, সহজ ক্যাচ নেন কিপার দিনেশ চান্দিমাল। ভাঙে ৯৫ রানের জুটি।
আগের টেস্টে লর্ডসে জোড়া সেঞ্চুরি করা জো রুট এবার থিতু হয়ে ইনিংস টেনে নিতে পারেননি। চা-বিরতির একটু আগে কুমারার শর্ট বল পুল করার চেষ্টায় ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন ৪৮ বলে ১৩ রান করে।
৮৪ রান নিয়ে বিরতিতে যাওয়া পোপ ফিরে এসে সেঞ্চুরি পূর্ণ করেন ১০২ বলে। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দ্রুততম ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম গুচ।
পরের ওভারে একটি বল হতেই আলোকস্বল্পতায় আবার বন্ধ হয়ে যায় খেলা। আধা ঘন্টা অপেক্ষার পর দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ২২১/৩ (ডাকেট ৮৬, লরেন্স ৫, পোপ ১০৩*, রুট ১৩, ব্রুক ৮*; আসিথা ১৪-০-৫৮-০, ভিশ্ব ৭-০-২৯-০, কুমারা ১২.১-১-৮১-২, রাত্নায়েকে ৮-২-৩৪-১, ম্যাথিউস ৩-০-১৪-০)
