Published : 03 Sep 2026, 02:11 PM
মাঠের ভেতরে বাজে পারফরম্যান্স, বাইরে বিশৃঙ্খলা ও অস্থিরতা। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন জেরবার। চারপাশ থেকে ধেয়ে আসছে সমালোচনার তির। তবে সেই সমালোচকদের এবার একহাত নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সাবেক ক্রিকেটারদের একটি অংশের দিকেও তোপ দাগলেন তিনি।
চলতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টেই বাজেভাবে হেরেছে পাকিস্তান। টেস্টে তাদের দুঃসময় চলছে অনেক দিন ধরেই। ইংল্যান্ডে দুটি ম্যাচে বিব্রতকর পরাজয়ের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ ও বোলিং কোচকে সরিয়ে দিয়েছে বোর্ড। দেশে ফেরত পাঠানো হয়েছে সাত ক্রিকেটারকে। তাদের বদলে যাদেরকে দলে নেওয়া হয়েছে, তারা ভিসার অপেক্ষায় আছেন সফরের জন্য। এসবের মধ্যেই পদত্যাগ করেছেন নির্বাচক মিসবাহ-উল-হক।
সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটকে নিয়ে চলছে হাসাহাসি। নিজ দেশেও প্রবল সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটাররা ও ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথে এসব কাণ্ডের জন্য পিসিবির দিকে আঙুল তুলেছেন রামিজ রাজা, শাহিদ আফ্রিদিসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই।
এবার তাদেরকেই পাল্টা আক্রমণ করে পাকিস্তানের জিও নিউজে নাকভি বললেন, এসব সমালোচনাকে তিনি পাত্তা দেন না।
“আমি কখনও সমালোচনাকে ভয় পাইনি, কখনও পাবও না। যারা নিজেরা কিছুই অর্জন করেননি, তাদের সমালোচনা কোনো গুরুত্ব বহন করে না।”
পাকিস্তান ক্রিকেট নিয়ে যারা দুর্ভাবনার কথা বলছে, তাদের আসলে ক্রিকেট নিয়ে ভাবনা নেই। তাদের সমস্যা আমাকে নিয়ে।”
র্যাঙ্কিংয়ের অবস্থান তুলে ধরে নাকভি দাবি করলেন, তার সময়ে দেশের ক্রিকেট এগিয়েছে।
“টেস্ট ম্যাচে যা ঘটেছে, তা অবশ্যই ঠিক। আমরা এই দুটি ম্যাচ হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা উন্নতি করব, ঠিক যেমনটা আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করেছি।
যারা বলে আমি আসার পর থেকে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তাদের তো সেটাও দেখা উচিত, আগে র্যাঙ্কিং কোথায় ছিল। আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে অষ্টম ছিলাম এবং এখন আমরা পঞ্চম, টি-টোয়েন্টিতে আমরা নবম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছি।”
ইংল্যান্ডে পারফরম্যান্স ভালো না হলেও দলের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাশাপাশি সিরিজের মাঝখানে এত রদবদলের পক্ষেও যুক্তি তুলে ধরেছেন।
“আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, দক্ষিণ আফ্রিকা তো নামিবিয়ার কাছে হেরেছে (চলতি ত্রিদেশীয় সিরিজে), আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত (গত জুনে), তাতে কি সেখানেই ক্রিকেট শেষ হয়ে গেছে? হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো আমাদের এখানে যাকে প্রয়োজন, তাকে আমরা অবশ্যই দলে নেব।
যদি কেউ ভালো খেলতে না পারে বা পারফর্ম না করে, তাহলে আমরা কী করতে পারি! আমাদের জন্য প্রতিটি ম্যাচ এবং প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ।”