Published : 13 Jun 2026, 07:38 PM
এই সিরিজের আগে ২১ বছরে বাংলাদেশের কাছে কোনো ওয়ানডে হারেনি অস্ট্রেলিয়া। এবার শুধু একটি ম্যাচ নয়, সিরিজও হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই হার হজম করা কঠিনই। সেই হতাশা লুকালেন না মার্নাস লাবুশেন। তবে এখন তাদের চাওয়া, শেষটা ভালো করে অন্তত হোয়াইটওয়াশ থেকে রক্ষা পাওয়া।
হোয়াইটওয়াশ এড়ানের লক্ষ্যে সিরিজের শেষ ওয়ানডেতে রোবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা সবশেষ হোয়াইটওয়াশ হয়েছে প্রায় সাড়ে ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
শেষ ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে মার্নাস লাবুশেন বললেন, সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে তাদের।
“অবশ্যই যে কোনো ম্যাচ হারা হতাশাজনক। আমরা সব সময় ম্যাচ জিততে চাই। এজন্যই আমরা মাঠে নামি এবং পছন্দের খেলা খেলতে পারার জন্যই ঘর ছেড়ে এত সময় বাইরে থাকি। কাজেই আগামীকাল (রোববার) মাঠে নেমে আমরা ভালো ক্রিকেট খেলে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করতে চাই।”
“ব্যবধান ৩-০ হোক বা ২-১, দিনশেষে সিরিজটা হেরে গেছি। এই ব্যাপারটি কষ্টদায়ক। তার পরও আমরা নিশ্চিত করতে চাই, আগামীকাল যেন পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামতে পারি।”
বিশ্বকাপের পথে এগিয়ে যেতে এবং উত্তরসূরীদের জন্যও শেষ ম্যাচের জয়টি জরুরি মনে করছেন গত ম্যাচে ফিফটি করা এই ব্যাটসম্যান।
“পেছন ফিরে তাকালে মনে হয়, সিরিজটি আমাদের জন্য আদর্শ ছিল না। তবে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচই একেকটা সুযোগ। আমরা যা-ই করছি, এটি পরবর্তী প্রজন্ম ও বিশ্বকাপের জন্য ভিত তৈরি করছে। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করতে চাই, সিরিজ ২-১ ব্যবধানে যেন শেষ করতে পারি।”
শেষ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতিও খুব আদর্শ হয়নি। দুপুরে তারা যখ অনুশীলনের জন্য মাঠে প্রবেশ করেন, তখনই মিরপুরে ছিল ঝুম বৃষ্টি।
অনুশীলনে বৃষ্টি এভাবে বাগড়া দেওয়ায় খানিকটা হতাশ লাবুশেন। অসহায়ত্বই ফুটে উঠল তার কণ্ঠে।
“মাঠে এসে অনুশীলন করার সুযোগ না পেলে সবসময় হতাশা কাজ করে। তবে এটা খেলার অংশ। আমাদের নিশ্চিত করতে হবে, যেন আগামীকালের (রোববার) ম্যাচে পুরোপুরি মনযোগী ও প্রস্তুত হয়ে মাঠে নামতে পারেন।”
“আবহাওয়া বেশ কিছুদিন ধরেই টানা এমন আচরণ করছে। আগামীকালের ম্যাচেও যদি কিছুটা বৃষ্টি হয়, সেটা মোটেও আশ্চর্যজনক হবে না।”