১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেরার ম‍্যাচে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি

ওয়ানডের বাইরে এক যুগের বেশি সময় পর কোনো লিস্ট ‘এ’ ম‍্যাচ খেললেন ভারতের এই ব‍্যাটিং গ্রেট।

ফেরার ম‍্যাচে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি
ভিরাট কোহলি। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

দেড় দশক পর ভিজায় হাজারে ট্রফিতে ফিরে ভিরাট কোহলি উপহার দিলেন ব‍্যাটিং মাস্টারক্লাশ। গড়লেন দুটি শতরানের জুটি, পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফেরার উপলক্ষ রাঙালেন ঝকঝকে এক সেঞ্চুরিতে। 

বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে বুধবার আন্ধ্রাকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি। প্রতিপক্ষের ২৯৮ রান তারা পেরিয়ে গেছে ৭৪ বল বাকি থাকতে। 

দিল্লির জয়ের নায়ক কোহলি। ১০১ বলে ৩ ছক্কা আর ১৪ চারে খেলেছেন ১৩১ রানের দারুণ ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ৫৮তম সেঞ্চুরি, ভিজায় হাজারে ট্রফিতে পঞ্চম।  

তৃতীয় বলে আর্পিত রানা আউট হলে ক্রিজে যান কোহলি। দ্বিতীয় উইকেটে প্রিয়ানশ আরিয়ার সঙ্গে গড়েন ১১৩ রানের জুটি। তৃতীয় উইকেটে নিতিশ রানার সঙ্গে ১৬০ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের দুয়ারে। 

তর্কসাপেক্ষে রান তাড়ায় ওয়ানডে ইতিহাসের সেরা ব‍্যাটসম‍্যান কোহলি যদিও ম‍্যাচ শেষ করে আসতে পারেননি। সত‍্যনারায়না রাজুর বলে শেখ রাশিদকে ক‍্যাচ দিয়ে বিদায় নেন তিনি। জয়ের জন‍্য দিল্লির তখন প্রয়োজন ছিল কেবল ২৫ রান।

এই ম‍্যাচে দিল্লির অধিনায়ক ছিলেন ভারত জাতীয় দলের আরেক তারকা কিপার-ব‍্যাটসম‍্যান রিশাভ পান্ত। তিনে ৯ বল খেলে করতে পারেন কেবল ৫। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও সহজ জয়ই পায় দিল্লি।

কোহলির খেলার খবরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই ম‍্যাচ। নিরাপত্তা শঙ্কায় দুই দফায় ভেন‍্যু পাল্টে সরিয়ে নেওয়া হয় বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে। সেখানে দ‍্যুতি ছড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি। ছাড়িয়ে যান ভারতের আরেক ব‍্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকারকে। 

৩৯১ ইনিংসে রেকর্ড গড়েছিলেন টেন্ডুলকার, কোহলির লাগল কেবল ৩৩০ ইনিংস।