Published : 27 Apr 2026, 03:59 PM
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও টপ অর্ডার ব্যাটার শারমিন সুলতানা। দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাদের নামের পাশে।
আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে এই দুজনের শাস্তির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। রাজশাহীতে গত বুধবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে চামারি আতাপাত্তুকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড অফ’ জানান নাহিদা।
অন্যদিকে, বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর শারমিন তার ব্যাটের দিকে ইশারা করেন, সিদ্ধান্তটি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং দেরিতে মাঠ ছাড়েন।
দুজনই তাদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।