২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের জায়গায় কোহলিকে ওপেনিংয়ে চান অজয় জাদেজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক রোহিত শার্মাকে তিনে খেলতে বলেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 05:08 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে দারুণ ছন্দে আছেন ভিরাট কোহলি। তার স্ট্রাইক রেট নিয়ে চর্চা চললেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি ধারাবাহিকতা দিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারকা এই ব্যাটসম্যানকে ওপেনিংয়ে দেখতে চান অজয় জাদেজা।

ভারতের হয়ে তিনে ব্যাটিং করেন কোহলি, ওপেনিংয়ে খেলেন অধিনায়ক রোহিত শার্মা। আসছে বৈশ্বিক আসরে তাদের ব্যাটিং অর্ডরে অদল-বদল দেখতে চান জাদেজা।

চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচশ রান করা দুই ব্যাটসম্যানের একজন কোহলি। ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে তার রান ঠিক ৫০০। স্ট্রাইক রেট ১৪৭.৪৯ ও ব্যাটিং গড় ৭১.৪৩। তার চেয়ে কম গড় (৬৩.৬৩) ও স্ট্রাইক রেটে (১৪৬.৬৮) ৫০৯ রান করে আপাতত শীর্ষে চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি অবশ্য নেই বিশ্বকাপ দলে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ভারতের হয়ে তিন নম্বরে সবচেয়ে বেশি ব্যাটিং করেছেন কোহলি, ৮০ ম্যাচে। ওপেনিংয়ে নেমেছেন এখন পর্যন্ত কেবল ৯ ম্যাচে, যার সবশেষটি ২০২২ সালে।

ঠিক উল্টো চিত্র রোহিতের ক্ষেত্রে। ভারত অধিনায়ক দেশের হয়ে টি-টোয়েন্টিতে ওপেন করেছেন ১১৬ ম্যাচে, আর তিনে খেলেছেন কেবল ৩ ম্যাচে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তারই ওপেন করার কথা। সঙ্গে হয়তো থাকবেন ইয়াশাসভি জয়সওয়াল।

জিওসিনেমার সঙ্গে আলাপকালে এই জায়গায় পরিবর্তন আনার পরামর্শ দিয়ে জাদেজা বললেন, এতে রোহিতের জন্য সুবিধা হবে।

“আমার মতে, ভিরাট কোহলি ওপেন করুক। পরে কে খেলবে? রোহিত শার্মা তিনে ব্যাট করবে। তাহলে সে একটু সুবিধা পাবে এবং ম্যাচের অবস্থা বুঝতে পারবে। অধিনায়ক হিসেবে তার মাথায় অনেক কিছু কাজ করে। দলে যদি ভিরাট থাকে, তার কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স পাবেন, তাই তাকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে।”

“ওপেনিংয়ে সে (কোহলি) দারুণ করছে এবং পাওয়ার প্লে তাকে মানিয়ে নেওয়ার সুযোগ দেয়…যত বেশি সময় সে ক্রিজে থাকে, ততই সে আরও ভালো হয়ে ওঠে। বিরাট যদি এই দলে থাকে, তাহলে তার ওপেন করা উচিত।”

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।