Published : 09 Aug 2026, 10:13 PM
দেশের জার্সি গায়ে স্বল্প সুযোগে খারাপ করেননি, ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স দুর্দান্ত; তবুও সারফারাজ খানের জাতীয় দলে ফেরার দুয়ার খুলছিল না। সাই সুদার্শান চোটে পড়ায় তার শরণাপন্ন হলো ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মিডল অর্ডার ব্যাটসম্যানকে ফেরাল তারা।
চোট সমস্যা থাকলেও, ফিটনেস পরীক্ষার শর্তে সুদার্শানকে শ্রীলঙ্কা সফরের দলে রাখে ভারত। শেষ পর্যন্ত ডান পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সময়মতো সেরে উঠতে পারেননি তিনি। আর তাই পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন টপ অর্ডার ব্যাটসম্যান।
দলের সঙ্গে শ্রীলঙ্কায় না যাওয়া সুদার্শান এখন বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ভারতীয় বোর্ড বিবৃতিতে বলেছে, ‘সেরে ওঠার পথে অনেক উন্নতি করেছেন’ সুদার্শান।
তার বদলি হিসেবে ২৮ বছর বয়সী সারফারাজকে দলে ফিরিয়েছে ভারত। ঘরোয়া ক্রিকেটে রানের স্রোত বইয়ে দিয়ে, অনেক আলোচনার পর ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ওই বছরই ছয় টেস্টের ক্যারিয়ারের সবশেষটি খেলেন তিনি।
ক্রিকেটের অভিজাত সংস্করণে ১১ ইনিংসে ৩৭.১০ গড়ে ৩৭১ রান করেছেন সারফারাজ। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
ক্যারিয়ারের সবগুলো টেস্টই সারফারাজ খেলেছেন ঘরের মাঠে। ২০২৪-২৫ অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরে গত বছরের ইংল্যান্ড সফরের দলে জায়গাই পাননি এই ক্রিকেটার। তার বাদ পড়াকে ওই সময় ‘দুর্ভাগ্যজনক’ বলেছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
এরপর আর জাতীয় দলে ডাক পাননি সারফারাজ। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই রান করে গেছেন তিনি। গত রাঞ্জি ট্রফিতেও যেমন মুম্বাইয়ের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, ৭ ম্যাচে ৫৩.৬২ গড়ে করেছিলেন ৪২৯ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে সারফারাজের ব্যাটিং গড় ৬৪.৭৩। এই সংস্করণের কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সপ্তম সর্বোচ্চ। সাদা পোশাকে দুর্দান্ত ফর্মে থাকার পরও তাকে জাতীয় দলে না রাখা নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনা-সমালোচনা হয় প্রায়ই।
৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এখন পর্যন্ত ৫ হাজার ১১৪ রান করেছেন সারফারাজ। এই সংস্করণে ফিফটির চেয়ে তার সেঞ্চুরি বেশি। সেঞ্চুরি করেছেন ১৭টি, ফিফটি ১৬টি।
শ্রীলঙ্কা সিরিজে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকেও পাচ্ছে না ভারত। শুরুতে দলে থাকলেও, সময়মতো পিঠের সমস্যা থেকে সেরে উঠতে না পারায় ছিটকে পড়েন তিনিও। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারকে পাবে না স্বাগতিকরা।
অনুশীলনের সময় আঙুলে আঘাত পাওয়ায় লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে শুবমান গিলের খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। ওই চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। তবে দ্রুতই সেরে উঠেছেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে রান তাড়ায় ৫৪ বলে ৪৪ রান করেছেন তিনি।
আগামী শনিবার গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ অগাস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে ভারত, আর লঙ্কানরা আছে ষষ্ঠ স্থানে।