১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লর্ডসে বৃষ্টির দাপটের দিনে জয় দেখছে ইংল্যান্ড

তৃতীয় দিনে খেলা হতে পারে কেবল ৫৮ বল, এর মধ্যে নিউ জিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে গেছে ইংলিশরা।

লর্ডসে বৃষ্টির দাপটের দিনে জয় দেখছে ইংল্যান্ড
ম্যাচে ৭ উইকেট নিয়েছেন অলি রবিনসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 11:59 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

আগের রাতের ও সকালের বৃষ্টিতে প্রথম সেশনে খেলাই শুরু করা গেল না। পরে খেলা শুরু হলেও বাধাগ্রস্ত হলো বারবার। সীমিত সময়কে কাজে লাগিয়ে জয়ের পথে এগিয়ে গেল ইংল্যান্ড।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার খেলা হতে পারে কেবল ৯.৪ ওভার, এর মধ্যে নিউ জিল্যান্ডের ২ উইকেট তুলে নেয় ইংলিশরা।  

ভীষণ ব্যাটিং দুরূহ উইকেটে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। ২৫৪ রানের লক্ষ্য থেকে এখনও তারা অনেক দূরে। স্বাগতিকদের জয় কেবল সময়ের ব্যাপার।

৩ উইকেটে ৩৬ রান নিয়ে লাঞ্চ বিরতির পর, তৃতীয় দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। ১১ বল খেলা হতেই আবার বাগড়া দেয় বৃষ্টি। দ্বিতীয় দফায় খেলা শুরুর কয়েক ওভার পর বৃষ্টি নামে আবার।

এবার খেলা শুরু হলে পরপর দুই ওভারে রাচিন রাভিন্দ্রা ও ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন অলি রবিনসন। এই পেসারের পরের ওভারের মাঝে আবার বৃষ্টি শুরু হলে আর খেলা হতে পারেনি। 

দুই বছর পর টেস্টে ফেরার ম্যাচে ৩২ বছর বয়সী রবিনসনের উইকেট এখন পর্যন্ত ৭টি। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ১৪০ 

নিউ জিল‍্যান্ড ১ম ইনিংস: ১১৩ 

ইংল্যান্ড ২য় ইনিংস: ২২৬ 

নিউ জিল‍্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৫৪) ২১.৩ ওভারে ৫৫/৫ (আগের দিন ৩৬/৩) (কনওয়ে ১৮*, রাভিন্দ্রা ৮, মিচেল ০, ব্লান্ডেল ২*; আটকিনসন ৬-১-১৬-২, রবিনসন ৯.৩-১-১৮-২, টং ৬-২-১৫-১)