১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাওয়াজা নাকি হেড? টেইলর জানালেন পছন্দ

পার্থে উসমান খাওয়াজার চোটের সুযোগে ওপেন করতে নেমে অবিস্মরণীয় এক সেঞ্চুরি করেন ট্রাভিস হেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 09:28 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ট্রাভিস হেডের খুনে সেঞ্চুরি শুধু ইংল্যান্ডের সম্ভাবনাই শেষ করে দেয়নি, নতুন একটি আলোচনাও উসকে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ঠেলে দিয়েছে কঠিন এক পরীক্ষায়। সেখানে নিজের রায় জানিয়ে রাখলেন মার্ক টেইলর। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজন বললেন, হেডকেই রেখে দেওয়া উচিত ওপেনিংয়ে।

খাওয়াজা ওপেনার হলেও পার্থ টেস্টের কোনো ইনিংসেই তাকে দেখা যায়নি ইনিংসের শুরুতে। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় শেষের দিকটায় মাঠের বাইরে ছিলেন বলে পরে ব্যাটিং ইনিংসে ওপেন করতে পারেননি তিনি। বাঁহাতি ব্যাটসম্যান সেদিন চার নম্বরে নেমে আউট হন দুই রানে।

দ্বিতীয় ইনিংসেও চোটের কারণে খাওয়াজা পারেননি নিজেদের মূল ভূমিকা পালন করতে। ড্রেসিং রুমে হেড নিজেই তখন এগিয়ে গিয়ে বলেন, তিনিই ওপেন করতে চান। বাকিটা তো সবারই জানা। যে ম্যাচের প্রথম তিন ইনিংসে পেস বোলারদের দাপটে ব্যাটসম্যানরা ছিল অসহায়, সেই পিচেই অবিস্মরণীয় পাল্টা আক্রমণে ৬৯ বলে শতরান করেন হেড। ৮৩ বলে ১২৩ রানের ইনিংস খেলে দলকে এনে দেন মনে রাখার মতো জয়।

হেডের এই পারফরম্যান্সই খুলে দিয়েছে সম্ভাবনার আরেকটি দুয়ার। খাওয়াজা তো নিজের ছায়া হয়ে আছেন বেশ কিছুদিন ধরেই। সবশেষ ১১ ইনিংসে তার ফিফটি নেই। পারফর‌ম্যান্সে ভাটার টান অনেক দিন ধরেই। তবু উপযুক্ত বিকল্প নেই বলে ৩৯ ছুঁইছুঁই পড়ন্তবেলার খাওয়াজাকেই বয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া। 

এখন সেখানেই হেডকে সমাধান মনে করছেন টেইলর।

“ট্রাভিস হেড এতটা ভালো খেলেছে যে, তাদের সমস্যা এর মধ্যেই সমাধান হয়ে গেছে বলে মনে হয় আমার। সে এগিয়ে এসেছে, নিজে থেকেই কাজটা করতে চেয়েছে এবং দারুণভাবে সেটা করেছে ও অস্ট্রেলিয়াকে স্মরণীয়  এক জয় এনে দিয়েছে। আমি যদি নির্বাচক প্যানেলে থাকতাম, এখানে আমি বদল আনতাম না। ট্রাভিস হেডকেই এখানে আমার পছন্দ।”

খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৮৫ টেস্ট। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও তার সামগ্রিক ক্যারিয়ার রেকর্ড খারাপ নয়। দলের ভরসাও ছিলেন তিনি অনেক দিন। এমন একজন ব্যাটসম্যানকে বাদ দেওয়া সহজ নয় মোটেও। তবে এখানেই নির্বাচকদের পেশাদার ও নির্মোহ পদক্ষেপ দেখতে চান টেইলর।

“এই সিদ্ধান্ত (খাওয়াজাকে বাদ দেওয়া) নেওয়াটা হবে খুবই কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত কঠিনই হয়। এজন্যই তো নির্বাচকদের রাখা হয়। এটা পেশাদার ক্রিকেট। দিনশেষে এখানে বর্তমানের সবচেয়ে সেরা একাদশই বেছে নিতে হয় ভবিষ্যতকে ভাবনায় রেখে।”