২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিন পেছাল কলকাতা-লাক্ষ্ণৌ ম্যাচ

খেলা হবে ইডেন গার্ডেন্সেই, তবে ম্যাচের তারিখ বদলে গেছে।

দুই দিন পেছাল কলকাতা-লাক্ষ্ণৌ ম্যাচ
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। ছবি: কলকাতা নাইট রাইডার্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 11:45 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

আইপিএলের সূচিতে বদল এসেছে। কলকাতা নাইট রাইডার্স ও লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। 

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ৬ এপ্রিল হওয়ার কথা ছিল ম্যাচটি। ভেন্যু ঠিক থাকলেও, এখন ম্যাচটি হবে ৮ এপ্রিল।

৬ এপ্রিল হবে রাম নবমী উৎসব। ওইদিন শহরজুড়ে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাবের কারণে কলকাতা পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ম্যাচটির তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে।

ম্যাচ দুই দিন পেছানোর কথা শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।  

এখন ৬ এপ্রিল শুধু একটিই ম্যাচ হবে, বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। ৮ এপ্রিল হবে দুটি ম্যাচ। বিকেল ৪টায় হবে কলকাতা ও লাক্ষ্ণৌর ম্যাচ। রাত ৮টায় খেলবে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।