৩৫ ছক্কায় ১৪১ বলে ৩১৪, কে এই হারজাস সিং
অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
প্রথম রানের দেখা পঞ্চম বলে। ৩৩ বলে ফিফটি, সেঞ্চুরি ৭৪ বলে। পরের ৬৭ বলে রান ২১৪! অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ২০ বছর বয়সী ব্যাটসম্যান হারজাস সিং।
সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট নামে পরিচিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার এই তাণ্ডব চালান হারজাস। ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
প্র্যাটেন পার্কে ইনিংসের একাদশ ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হারজাস। ২০তম ওভারে ফিফটি পূর্ণ করেন তিনি ৩৩ বলে। পরে কিছুটা মন্থর হয়ে যায় তার ব্যাটিং, ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও ৪১ বল। এরপর বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন স্রেফ ১০৩ বলে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবলে যেতে লাগে মাত্র ২৯ বল!
খুনে ব্যাটিং অব্যাহত রেখে ছুটতে থাকেন হারজাস। শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলে।
তার ৩১৪ রানের ইনিংসে ২৬৬ রানই আসে বাউন্ডারি থেকে!
৫০ ওভারে তার দল করে ৫ উইকেটে ৪৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্রেফ ৩৭ রানের। জবাবে সিডনি ৮ উইকেটে করতে পারে ২৮৭।
এই প্রতিযোগিতার লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভারতীয় ব্যাটসম্যান নারায়ান জাগাদিসানের। ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন এই কিপার ব্যাটসম্যান।
হারজাসের ৩১৪ রান নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৬ সালে সাদারল্যান্ডের হয়ে ২৫৭ বলে ৩২১ রানের ইনিংস খেলে এই তালিকার দুই নম্বরে আছেন ফিল জ্যাকস।
এখানে সবার ওপরে ভিক্টর ট্রাম্পার। অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন বলে বিবেচিত ট্রাম্পার ১৯০৩ সালে প্যাডিংটনের হয়ে করেছিলেন ২০৫ বলে ৩৩৫।
১৮০ মিনিটের বিধ্বংসী ওই ইনিংসে ট্রাম্পার চার মেরেছিলেন ৩৯টি, বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠিয়েছিলেন ২২ বার। সেই সময়ে বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠালে ছয় নয়, পাঁচ রান দেওয়া হতো।
কে এই হারজাস সিং?
ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে হারজাসের জন্ম ২০০৫ সালে সিডনিতে। তার পরিবার ২০০০ সালে ভারতের চণ্ডীগড় থেকে পাড়ি জমায় সিডনিতে।
হারজাস ক্রিকেট খেলা শুরু করেন আট বছর বয়সে। আদর্শ মানেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজাকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুব পরিচিত কোচ নিল ডি’কস্টার হাত ধরে বেড়ে উঠেছেন হারজাস। মাইকেল ক্লার্ক, ফিল হিউজ, মিচেল স্টার্ক, মার্নাস লাবুশেনের মতো ক্রিকেটারদের বেড়ে ওঠা এই নিল ডি’কস্টা কোচিংয়ে।
খেলাধুলা মিশে আছে হারজাসের রক্তেই। তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময়ে ছিলেন পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার।
ছোটবেলায় হারজাস ব্যাটিং করতেন ডান হাতে। ডানহাতি থেকে বাঁহাতি ব্যাটসম্যান হয়ে ওঠার গল্প তিনি ২০২৩ সালে শুনিয়েছিলেন ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে।
“ছোটবেলায় বাড়ির উঠোনে ডানহাতি ব্যাটিং করার সময়, আমার লেগ সাইডের কাছের কাচের জানালা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকত। সম্ভাব্য সেই ঝুঁকি এড়াতে আমি বাঁহাতি ব্যাটিং শুরু করি, আর এটিতেই অটল থেকেছি!”
হারজাস মিডিয়াম পেস বোলিং করেন অবশ্য ডান হাতে। গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে ৩টি করে চার ও ছক্কায় ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।
