‘৭০০’ ছুঁয়ে অনন্য সুরিয়াভানশি
রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরেকটি কীর্তি গড়লেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।
কাগিসো রাবাদার গতিময় লেংথ ডেলিভারি এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেললেন বৈভাব সুরিয়াভানশি। এই চারে প্রথম ব্যাটসম্যান হিসেবে চলতি আইপিএলে তিনি স্পর্শ করলেন সাতশ রানের মাইলফলক। ক্যারিয়ারের স্বপ্নময় পথচলায় ভারতের বিস্ময়বালক গড়লেন আরেকটি কীর্তি।
মাইলফলকটি ছুঁতে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে সুরিয়াভানশির প্রয়োজন ছিল ২০ রান। নিউ চান্ডিগাড়ে ম্যাচের চতুর্থ ওভারে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান রাজস্থান রয়্যালস ওপেনার।
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগে আইপিএলের এক আসরে ৭০০ বা এর বেশি রান করলেন ১৫ বছর বয়সী সুরিয়াভানশি।
তার আগে ৬০০ রানের মাইলফলক ছুঁতে পারেন কেবল দুজন। ২০০৮ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৬১৬ রান করেন শন মার্শ। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ছাড়িয়ে ২০২৩ সালে রাজস্থানের হয়ে ৬২৫ রান করেন ভারতের ইয়াশাসভি জয়সওয়াল।
গত বুধবার এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসের পথে নিজের বর্তমান উদ্বোধনী জুটির সঙ্গী জয়সওয়ালকে ছাড়িয়ে যান সুরিয়াভানশি। এবার তিনি উঠলেন নতুন উচ্চতায়।
বয়সের অনেক রেকর্ড এরই মধ্যে ভেঙে দেওয়া সুরিয়াভানশি আইপিএলের এক আসরে সাতশ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও। ২০২৫ সালে ২৩ বছর ২২৭ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়ে আগের রেকর্ড ছিল সাই সুদার্শানের।
এ দিন ১০ রানে পৌঁছে আরেকটি কীর্তি গড়েন সুরিয়াভানশি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের এক আসরে বা কোনো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাওয়ার প্লেতে ৫০০ রান করলেন তিনি।
