অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
Published : 23 Jan 2026, 08:48 PM
বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে দুইশর আগে থামিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়ায় অধিনায়ক আজিজুল হাকিমের ফিফটি ও বাকিদের অবদানে যুক্তরাষ্ট্রকে অনায়াসে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিল তারা।
হারারেতে শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ১৯৯ রান তারা পেরিয়ে গেছে ৫১ বল বাকি থাকতে।
লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সবাই স্পর্শ করেন দুই অঙ্ক। তিনে নেমে দুটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ৬৪ রান করেন আজিজুল। ৩ ছক্কা ও ৫টি চারে ৪২ বলে ৪৭ রান আসে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাট থেকে।
তবে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ৪১ রানে ৩ উইকেট নেওয়া পেসার ইকবাল হোসেন। এছাড়া দুটি করে উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেওয়ায় সহায়তা করেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।
টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতে যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় ওভারে প্রতিপক্ষ শিবিরে ছোবল দেন ইকবাল হোসেন ও আল ফাহাদ।
৬ রানে ২ উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে টানেন সাহিল গার্গ ও উৎকার্ষ শ্রিভাস্তাভা। তৃতীয় উইকেটে ৫১ রানে জুটি গড়েন তারা। দুটি করে ছক্কা-চারে ৬০ বলে ৩৫ রান করা সাহিলকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন শাহরিয়ার আহমেদ। শিভ শানিও বাঁহাতি এই স্পিনারের শিকার।
কয়েক ওভার পর শ্রিভাস্তাভার স্টাম্প ভেঙে দেন ইকবাল। এক ছক্কা ও তিনটি চারে ৩৯ রান করেন যুক্তরাষ্ট্র অধিনায়ক। দ্রুত আরও দুই উইকেট হারিয়ে দলটির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৮।
একপ্রান্তে একা লড়াই চালিয়ে যান আদনিত ঝাম্ব। দারুণ ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারেনি বাংলাদেশ। ১ ছক্কা ও ৩টি চারে ৬৮ রান আসে আদনিতের ব্যাট থেকে।
আদনিতের সঙ্গে ৪৩ রানের জুটি গড়া আদিত কাপ্পাকে ফিরিয়ে যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটে নেওয়ার রেকর্ড গড়েন ফাহাদ। এই মাইলফলক ছুঁতে তার লাগল ২৫ ম্যাচ। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল ভারতের ভিজায়কুমার ইয়ো মাহেশের।
জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জাওয়াদ ও রিফাত বেগ। পাওয়ার প্লের শেষ ওভারে আদিতকে তিনটি চার ও একটি ছক্কা মারা জাওয়াদের বিদায়ে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। সাহিলকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
জাওয়াদ ফেরার দুই ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন রিফাতও (৩ চারে ৩০)।
এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে দলকে লক্ষ্যে এগিয়ে নেন আজিজুল। দুইজনে দায়িত্বশীল ব্যাটিংয়ে বাড়াতে থাকেন রান। একটা সময় মনে হচ্ছিল, তাদের ব্যাটেই কাঙ্খিত ঠিকানায় পৌঁছে যাবে বাংলাদেশ।
কিন্তু কাজ শেষ করে ফিরতে পারেননি ৬৩ বলে ফিফটি স্পর্শ করা আজিজুল। জয় যখন ২৪ রান দূরে, রিতভিকের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
রিজান ও কালাম মিলে বাকি পথ পাড়ি দেন। শ্রিভাস্তাভার পর আদিতকে ছক্কায় উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজান। ২০ রানে অপরাজিত থাকেন তিনি। কোনো বাউন্ডারি ছাড়া ৩০ রান করে জয় সঙ্গে নিয়ে ফেরেন কালাম।
সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ১৯৯ (গিল ১, সাহিল ৩৫, আর্জুন ১, স্রিভাস্তাভা ৩৯, শানি ৬, নিতিশ ১৭, আদনিত ৬৮*, আরেপাল্লি ১, আদিত ১৬, সাহির ৩, রিতভিক ০; ফাহাদ ৯-১-৩৮-২, ইকবাল ১০-০-৪১-৩, সামিউন ৪-১-২০-০, স্বাধীন ১০-০-৩১-০, শাহরিয়ার ৮-১-৩২-২, আজিজুল ২-০-৮-০, রিজান ৭-০-২৭-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪১.৩ ওভারে ২০১/৩ (জাওয়াদ ৪৭, রিফাত ৩০, আজিজুল ৬৪, কালাম ৩০*, রিজান ২০*; রিতভিক ৭-০-২৭-১, আদনিত ২-০-১৩-০, আদিত ৮.৩-০-৫২-০, শ্রিভাস্তাভা ১০-১-৪৩-১, সাহির ৪-০-২০-০, সাহিল ৮-০-৩২-১, শানি ২-০-১২-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইকবাল হোসেন