২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ও নিউ জিল্যান্ড সফরেও ইংল্যান্ডের পরামর্শক অ্যান্ডারসন

নতুন ভূমিকায় ইংল্যান্ড দলের সঙ্গে পথচলা আরও লম্বা হচ্ছে টেস্ট ইতিহাসের সফলতম পেসারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 09:24 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টর’ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। আসন্ন পাকিস্তান ও নিউ জিল্যান্ড সফরেও দলের সঙ্গে কাজ করবেন টেস্ট ইতিহাসের সফলতম এই পেসার।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অ্যান্ডারসন। তিন ম্যাচের ওই সিরিজেই তাকে পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ পর্যন্ত কাজ করার কথা ছিল তার। 

এখন আগামী অক্টোবরে পাকিস্তান সফরে ও নভেম্বর-ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরেও কাজ করবেন টেস্টে ৭০৪ উইকেট শিকারি অ্যান্ডারসন। এই দুই সফরেই তিনটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড। 

দা ওভালে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে স্কাই স্পোর্টসকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন ৪২ বছর বয়সী অ্যান্ডারসন। 

২০২৫ সালের প্রথম পাঁচ মাসে কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। তাই ইংল্যান্ডের সাদা বলের দলের সঙ্গে কাজ করার সুযোগও পেতে পারেন অ্যান্ডারসন। বিশেষ করে, আগামী বছর থেকে সীমিত ওভারের ক্রিকেটে যখন প্রধান কোচের দায়িত্ব নেবেন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম।