Published : 10 May 2026, 06:15 PM
বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা বৈভাব সুরিয়াভানশির সব সংস্করণে সফল হওয়ার সামর্থ্য আছে বলে মনে করেন রাভিচান্দ্রান অশ্বিন। ভারতের স্পিন গ্রেট বললেন, ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ভবিষ্যতে টেস্ট খেলতে দেখলে তার কোনো আপত্তি থাকবে না।
গত আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে আলোড়ন তোলা সুরিয়াভানশি এবারও সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে চলেছেন। এবার দুটি ফিফটি করেছেন তিনি ১৫ বলে, একটি সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৬ বলে।
একদম প্রথম বল থেকে ভয়ডরহীন ব্যাটিং দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়ে চলেছেন। জাসপ্রিত বুমরাহর প্রথম বলে ছক্কা মারাসহ জশ হেইজেলউড, ভুবনেশ্বর কুমার, ম্যাট হেনরির মতো খ্যাতিম্যান ও অভিজ্ঞ বোলারদের তুলাধুনা করেছেন। দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলের এক আসরে ৪০টি ছক্কা মারার কীর্তি গড়েছেন।
জিওহটস্টার-এ আলাপে অশ্বিন বললেন, সাহসী মনোভাব ও অল্প বয়সে বোলারদের ওপর আধিপত্য বিস্তারের সামর্থ্য তাকে ভারতীয় ক্রিকেটের সেরা প্রতিভাদের একজনে পরিণত করেছে। এই বিস্ময় বালক দীর্ঘ পরিসরের ক্রিকেটেও বিনোদন দিতে পারবেন বলে মনে করেন সাবেক অফ স্পিনার।
“প্রত্যেক বোলারকে নাস্তানাবুদ করছে সে। টেস্ট ম্যাচে তাকে দেখতে আমার কোনো আপত্তি নেই এবং খেলার তিন সংস্করণেও তাকে দেখতে আমার কোনো আপত্তি থাকবে না। তাকে ক্রিকেট মাঠে নিয়ে আসুন, দর্শকদের আসতে দিন, কারণ সে বিনোদন দেবে।”
“কোনো চেষ্টাই বাকি রাখছে না সে, ক্রিকেট বলের ওপর তার সর্বশক্তি প্রয়োগ করছে। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও যেভাবে সবকিছু একসঙ্গে মিলিয়ে খেলেছে, তাতে তাকে একজন বক্স অফিস ক্রিকেটার মনে হচ্ছে।”
গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫টি করে ছক্কা ও চারে ৮০ বলে ১৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ের নায়ক ছিলেন সুরিয়াভানশি। সাত ইনিংসে ১৬৯.৪৯ গড়ে ৪৩৯ রান করে তিনিই হন ‘ম্যান অব দা টুর্নামেন্ট।’
এখন পর্যন্ত আটটি করে প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ এবং ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন অনেকেই।
সুরিয়াভানশির ভয়ডরহীন ব্যাটিংয়ের প্রশংসা করলেও, ক্যারিয়ারের এই পর্যায়ে তার ওপর বাড়তি চাপ না দেওয়ার বিষয়ে সতর্কও করলেন অশ্বিন। প্রত্যাশার চাপে না ফেলে তাকে খেলা উপভোগ করতে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
“ক্রিকেট ক্যারিয়ারে এমন সুযোগ খুব কমই আসে, যখন ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করা যায়, আর ওর বয়স তো মাত্র ১৫ বছর। আমার মনে হয়, ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত। ক্যারিয়ারের এই পর্যায়ে ওর যা করা উচিত নয়, তা করতে বলার কোনো মানে হয় না।”
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংসে ২৩৬.৫৬ স্ট্রাইক রেটে ৪৪০ রান করেছেন সুরিয়াভানশি। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৬ বলের ইনিংসের পথে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার।