Published : 20 Dec 2025, 01:29 PM
১৬ ওভার বল করে মেডেন নেই, ৫৭ রান দিয়ে কোনো উইকেট নেই। মনে হচ্ছিল, দেশের মাঠে আরও একটি টেস্ট হতাশায় কাটবে এজাজ প্যাটেলের। অবশেষে অধরা এক সাফল্যের স্বাদ প্রথমবার পেলেন এজাজ প্যাটেল। দেশের মাঠে প্রথম টেস্ট উইকেট!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে শেষ হয় এজাজের অপেক্ষা। নিজের ১৭তম ওভারে আলিক আথানেজকে ৪৫ রানে বোল্ড করেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার।
দেশের মাঠে কোনো উইকেট না নিয়ে বিদেশে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছিলেন তিনি গত বছরের ভারত সফরে। শেষ পর্যন্ত বিদেশে ৮৫ উইকেট নেওয়ার পর দেশের মাঠে প্রথম উইকেটের দেখা পেলেন তিনি ৩৭ বছর বয়সে।
রেকর্ডটি আগে ছিল জাসপ্রিত বুমরাহর। বিদেশে ৭৯ উইকেট নেওয়ার পর দেশে প্রথম টেস্ট উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার।
তবে বুমরাহর চেয়ে এজাজের রেকর্ডের ধরন আলাদা। বিদেশে টানা ১৭ টেস্ট খেলার পর দেশের মাঠে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন বুমরাহ ২০২১ সালে। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টেই উইকেট পেয়ে যান তিনি।
কিন্তু এজাজ দেশের মাঠে আগেও খেলেছেন তিনটি টেস্ট। দেশে প্রথম টেস্ট খেলেন তিনি সেই ২০১৮ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে ওই ম্যাচের পর ওই সিরিজেই ক্রাইস্টচার্চে পরের টেস্টও খেলেন তিনি। কোনো উইকেট পাননি। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে আবার সুযোগ পান ওয়েলিংটনে। এবারও উইকেটশূন্য রয়ে যান।
ওই তিন টেস্টে খুব বেশি বোলিংয়ের স্বাদও অবশ্য পাননি তিনি। অভিষেকে এক ইনিংসে ২৮ ওভার করেছিলেন। এছাড়া অন্য সব ইনিংস মিলিয়ে করেন কেবল ২১ ওভার।
এরপর দেশের বাইরে স্মরণীয় কিছু সাফল্য তিনি পেয়েছেন। ইনিংসে ১০ উইকেটের সবকটিই নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। ভারতের বিপক্ষে আরেকটি টেস্টে নিয়েছেন ১১ উইকেট। কিন্তু দেশের মাঠে খেলার সুযোগই পাচ্ছিলেন না।
প্রায় ছয় বছর পর এবার সেই সুযোগটি পেলেন।। দেশে ৬৫.৩ ওভার উইকেটবিহীন থাকার পর প্রথম উইকেটও নিলেন।
পরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইসকে ফিরিয়ে আনেকটি উইকেটও তিনি যোগ করেন।
এজাজ উইকেট পেয়ে যাওয়ায় চলমান একটি রেকর্ড থেক নাম কাটা গেল তার। কখনও দেশের মাঠে উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি আবার ফিরে পেলেন বিলি বেটস। তার রেকর্ডের বয়স ১৩৮ বছর!
ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার ১৮৮২ থেকে ১৮৮৭ পর্যন্ত ১৫ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৫০টি। সবকটিই অস্ট্রেলিয়ায়!
দেশে টেস্ট খেলেও কোনো উইকেট না পেয়ে বিদেশে সবচেয়ে বেশি উইকেট রুদ্র প্রতাপ সিংয়ের। সাবেক ভারতীয় পেসার ও বর্তমান নির্বাচক দেশে দুটি টেস্ট খেলে উইকেট পাননি। দেশের বাইরে তার উইকেট ৪০টি।