Published : 03 Jun 2026, 08:02 PM
পাঁচ টেস্ট ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) দল সাজিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে লম্বা সময় পর ফেরা রহস্য স্পিনার আলিস আল ইসলাম ও তরুণ পেসার রোহানাত উদ দৌলা বর্ষণও ডাক পেয়েছেন দলে।
তিন ম্যাচের সিরিজের জন্য বুধবার বাংলাদেশে পৌঁছায় জিম্বাবুয়ে ‘এ’ দল। এদিনই প্রথম দুই ম্যাচের জন্য একটি এবং তৃতীয় ম্যাচের জন্য আরেকটি দল ঘোষণা করে বিসিবি। নির্বাচক নাদিফ চৌধুরি বলেছেন, অনেক খেলোয়াড়কে পরখ করে নেওয়ার জন্য আলাদা দল দিয়েছেন তারা।
দলকে নেতৃত্ব দেবেন জাকির হাসান। তার মতোই টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শাহাদাত হোসেন, ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি ও সৈয়দ খালেদ আহমেদেরও।
২০২৫ বিপিএলের ফাইনালে চোট পাওয়া আলিস মাঠে ফেরেন গত ফেব্রুয়ারিতে, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার আগে মাঝে আর খেলেননি তিনি। আর বর্ষণ প্রায় দুই বছর পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
আলিস ঢাকা লিগে প্রাইম ব্যাংকের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১২ গড়ে নিয়েছেন ২২ উইকেট। আর আবাহনীর হয়ে বর্ষণ ৫ ম্যাচে ১৫.৮ গড়ে নিয়েছেন ১০ উইকেট।
ইফতেখার হোসেন ইফতি, আকবর আলি, মুশফিক হাসান, আলিস ও রকিবুল হাসান ডাক পেয়েছেন কেবল প্রথম দুই ম্যাচের দলে। তৃতীয় ও শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন আশিকুর রহমান শিবলি, জাকের আলি, রবিউল হক, আবু হাশিম ও মইন খান।
এভাবে দল দেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচকদের একজন নাদিফ। সাবেক এই ব্যাটসম্যান বললেন, যত বেশি সম্ভব ক্রিকেটারদের পরখ করে নিতে চান তারা।
“যারা পারফর্ম করছে বা (জাতীয় দলে) আসার মতো, তাদের একটা সুযোগ দেওয়ার জন্য এবং দেখার জন্য যে তারা আসলে কেমন করে। আমরা দেখতে চাচ্ছি ক্রিকেটাররা (যারা ডাক পেয়েছে) কী করে। শেষ পর্যন্ত লক্ষ্য তো যারা জাতীয় দলে আসতে পারবে এমন ক্রিকেটাররাই। ওই চিন্তা করেই (দল) করা।”
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী সোম ও বুধবার হবে প্রথম দুই ওয়ানডে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ১৩ জুন হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
প্রথম দুই ম্যাচের এইচপি দল: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলি চৌধুরি, আকবর আলি, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরি রিজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত উদ দৌলা বর্ষণ, রকিবুল হাসান।
তৃতীয় ম্যাচের জন্য এইচপি দল: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরি রিজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত উদ দৌলা বর্ষণ ও খালেদ আহমেদ।