০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

জো রুটের আগের দফার অধিনায়কত্ব অধ্যায় যেভাবে শেষ হয়েছিল, এরপর তিনি আবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ায় বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 01:06 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

নেতৃত্বের সঙ্গে জো রুটের সম্পর্কটা ছিল মূলত টানাপোড়েনের। কখনও কখনও যদিও তা আনন্দ বয়ে এনেছে, তবে বেশির ভাগ সময়ই সময়টা ছিল অস্বস্তির, মাঝেমধ্যে ছিল বিষাক্ত। সেই সময়ের সঙ্গে সে বন্ধন ছিন্নও হয়েছিল। এখান আবার তা জোড়া লাগায় বেশ বিস্মিতই হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

বেন স্টোকসের অবসরের পর অনেকেরই ধারণা ছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক করা হবে হ্যারি ব্রুককে। তবে সাদা বলের দলের অধিনায়কের ওপর এখনই লাল বলের ভার চাপিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে রুটের অভিজ্ঞ হাতে।

ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক রুট। ২৭টি টেস্ট তিনি জিতেছেন, এটিও ইংলিশদের রেকর্ড। সমস্যা হলো, সবচেয়ে বেশি হারও এসেছে তার নেতৃত্বেই (১৭টি)। বিশেষ করে, আগের দফায় তার নেতৃত্বের শেষ দুই বছর ছিল হতাশায় ভরা। ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারার পর নেতৃত্ব হারান তিনি। ওই সবসময় সবশেষ ১৭ টেস্টে জয় ছিল স্রেফ একটি!

নেতৃত্বে তার ব্যাটিং গড় (৪৬.৭) অন্যান্য সময়ের চেয়ে (৫৩.৩৪) বেশ কম।

সব মিলিয়ে ইংল্যান্ডের গ্রেট অধিনায়কদের তালিকা করলে সেখানে রুটকে রাখা হয় না মোটেও। অধিনায়কত্ব তিনি উপভোগ করতে পারছেন না বলেও সেই সময়ে মনে হয়েছে প্রবলভাবে।

সেই রুট আবার অধিনায়কত্বকে আলিঙ্গন করায় চমকে গেছেন গিলক্রিস্ট। সাবেক অস্ট্রেলিয়ান কিপার ফক্স স্পোর্টসকে সেটি শোনালেন অকপটেই। 

“বিষয়টা আমাকে কিছুটা অবাক করেছে। অধিনায়ক হিসেবে তার অধ্যায় যেভাবে শেষ হয়েছিল এবং তারপর থেকে তিনি যা করতে পেরেছেন, তা সত্ত্বেও জো (রুট) যে আবার অধিনায়কের পদে ফিরতে আগ্রহী হয়েছে, এটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি।”

গিলক্রিস্ট অবশ্য ইংল্যান্ডের প্রয়োজনটুকু অনুধাবন করতে পারছেন। চ্যালেঞ্জটি নেওয়ায় রুটের প্রশংসাও করেছেন তিনি।

“হয়তো তারা মনে করেনি যে, এই মুহূর্তে তাদের এমন কেউ আছে, যে দায়িত্বটি নিতে প্রস্তুত। তাই দেশের জন্য এই দায়িত্বটা নেওয়ায় তাকে সাধুবাদ জানাই।”

ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপন পরিচালক রব কি আগেই বলেছেন, তিন সংস্করণের নেতৃত্বের জন্য ব্রুককে আরও তৈরি হওয়ার সময় দিতেই মূলত রুটের কাছে ফিরে গেছেন তারা।