১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরেকটি ফিফটিতে রেকর্ড ছুঁলেন সুদার্শান

এবারের আইপিএলে টানা পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ভারতীয় ব্যাটসম্যান।

আরেকটি ফিফটিতে রেকর্ড ছুঁলেন সুদার্শান
সাই সুদার্শান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 10:14 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

আইপিএলে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে চলেছেন সাই সুদার্শান। আরেকটি ফিফটি উপহার দিলেন গুজরাট টাইটান্সের ওপেনার। টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান।

প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮৪ রান করেন সুদার্শান। তার ৫৩ বলের ইনিংসটি সাজানো চারটি ছক্কা ও সাতটি চারে।

আইপিএলে সবচেয়ে বেশি টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ স্পর্শ করা স্রেফ চতুর্থ ব্যাটসম্যান সুদার্শান। ২০১২ সালে ভিরেন্দার শেবাগ, ২০১৯ সালে জস বাটলার এবং ২০১৯ সালে ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়তে পেরেছিলেন। 

সুদার্শানের রেকর্ডের পথে ছুটে চলার শুরু পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস দিয়ে। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৫ রান করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন অপরাজিত ৫৩ রানের ইনিংস।

এবারের আইপিএলে আরও তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন সুদার্শান। যার মধ্যে একটিতে আবার পেয়েছেন সেঞ্চুরি। রাজস্থানের বিপক্ষে ৭৩ রানের পর, শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচেই চেন্নাইয়ের বিপক্ষে করেন ৮৭ রান।

এদিন শুবমান গিলের সঙ্গে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন সুদার্শান। স্বীকৃতি টি-টোয়েন্টি এনিয়ে ১০টি শতরানের যুগলবন্দি গড়লেন এই দুইজন। যেকোনো উইকেট মিলিয়েই তাদের চেয়ে বেশি শতরানের জুটি নেই।

ক্রিস গেইল ও ভিরাট কোহলি, বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান এবং এবি ডি ভিলিয়ার্স ও ভিরাট কোহলিও ১০টি করে শতরানের জুটি গড়েছেন টি-টোয়েন্টিতে।

চলতি আইপিএলে ৫২.০৮ গড় ও ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন সুদার্শান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ছয়শ ছুঁতে পেরেছেন আর কেবল একজন, গুজরাটের অধিনায়ক গিল। চেন্নাইয়ের বিপক্ষে এদিন ৬৪ রান করা ওপেনারের মোট রান এখন ৬১৬।

আইপিএলের গত আসরেও ছয়শর বেশি রান করেছিলেন সুদার্শান ও গিল। টানা তিনটি আইপিএলে ছয়শ রান করার কীর্তি আছে গেইল, ওয়ার্নার, লোকেশ রাহুল ও কোহলির।