ব্যাটিং স্বর্গেও ৮ ব্যাটসম্যান, জয়ের সাহস নয়, বরং ড্রয়ের ভাবনা
ব্যাটিংবান্ধব উইকেটে বাড়তি বোলার না নিয়ে উল্টো ৮ ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ, ম্যাচ শুরুর আগেই হেরে যাওয়ার শঙ্কা যেন বেশি ভর করেছে পরিকল্পনায়।
রোদ ঝলমলে সকালে ওয়ার্ম-আপ শেষে উইকেটের দুই প্রান্তে রান-আপ মেপে নিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। টসের আগেই পরিষ্কার হয়ে গেল, একাদশে ফিরছেন নাহিদ। টসের পর একাদশ দেখে প্রশ্ন তবু রয়েই গেল। পেসার একজন বাড়ানো হলেও যে কমানো হলো না ব্যাটসম্যান! বাংলাদেশের একাদশে বিশেষজ্ঞ বোলার আবারও মাত্র চারজন।
অথচ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। বাড়তি ব্যাটসম্যানের সুরক্ষার চেয়ে এখানে জরুরি বোলিংয়ে বেশি বিকল্প। আট ব্যাটসম্যানের নিরাপত্তার চেয়ে প্রয়োজন অন্তত পাঁচ বোলারের বৈচিত্র।
তা না করার খেসারত প্রথম দিন থেকেই যেন দিতে শুরু করেছে বাংলাদেশ। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবসের দাপুটে ব্যাটিংয়ে মঙ্গলবার বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে পঞ্চম বোলারের অভাব।
ফাস্ট বোলার নাহিদ রানা একাদশে এসেছেন, বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এছাড়াও বাংলাদেশের একাদশে ছিল আরও দুটি পরিবর্তন। জ্বরে আক্রান্ত লিটন কুমার দাস ও আগের দিন কনকাশনে পড়া জাকের আলি খেলতে পারছেন না। তাদের পরিবর্তে দলে আসেন আরও দুজন ব্যাটসম্যান। তাই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ আরও একবার আট ব্যাটসম্যানের একাদশ বাংলাদেশের।
মিরপুরে প্রথম টেস্টেও বাংলাদেশ একাদশে ছিল ছিল কেবল চার বোলার। মিরাজসহ তিন স্পিনারের একাদশে একমাত্র পেসার ছিলেন হাসান। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অভিষেক হওয়া জাকের আলিকে নামানো হয় আট নম্বরে।
বোলিং সহায়ক উইকেটে ব্যাটিংয়ের সাম্প্রতিক নাজুক অবস্থা মাথায় রেখে মিরপুরে বাড়তি ব্যাটসম্যান নেওয়ার সিদ্ধান্ত তবু কিছুটা হলেও বোধগম্য। কিন্তু চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও আরেকজন বোলার না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রশ্ন তোলাই যায়।
অথচ ম্যাচের দুদিন আগেই আভাস মিলেছিল, বরাবরের মতো ব্যাটসম্যানদের জন্য রানের ঝাঁপি খুলে দেবে চট্টগ্রামের উইকেট। এছাড়া টসের আগে টিভির পিচ রিপোর্টে ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড বলেন, ঘাসের ছোঁয়া কিছুটা থাকলেও বোলারদের তেমন সহায়তা করবে না সেটি। বরং ব্যাটসম্যানদের দেবে দু হাত ভরে।
ম্যাচের প্রথম দিনে সেই ধারণা পুরোটাই মিলে গেছে। টস জেতার পর ডি জর্জি ও স্টাবসের সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে ফেলেছে প্রোটিয়ারা। দুই ব্যাটসম্যানই একবার করে জীবন পেয়েছেন বটে, তবে একবারও মনে হয়নি উইকেটের কারণে অস্বস্তিতে পড়তে পারেন তারা। বরং তাইজুল ইসলাম, মিরাজদের স্পিনে অবলীলায় পায়ের ব্যবহার করেছেন দুই সেঞ্চুরিয়ান, সুইপ-রিভার্স সুইপ খেলেছেন ইচ্ছেমতো।
অথচ দক্ষিণ আফ্রিকা ঠিকই উইকেটের ডাক শুনেছে। ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কিকে বাইরে পাঠিয়ে তারা দলে নিয়েছে পেসার ডেন প্যাটারসনকে। তাদের একাদশে এখন দুই পেসার, দুই স্পিনারের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
অথচ প্রথম টেস্টে হারার পর সিরিজ হার এড়ানোর লড়াই আরও আগ্রাসী হওয়ার কথা বাংলাদেশের। মরিয়া থাকার কথা জয়ের চেষ্টায়। কিন্তু এই দলের আত্মবিশ্বাস এতটাই নড়বড়ে, নিজেদের ওপর ভরসা এতটা ভঙ্গুর যে, জয়ের সাহস করার চেয়ে ড্রয়ের নিরাপদ পথই বেশি উপযুক্ত মনে হয়েছে তাদের কাছে।
দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নতুন কোচ ফিল সিমন্সের কথায় সেটিই ফুটে উঠল।
"পঞ্চম বোলার নিয়ে খেলার একটা ভাবনা ছিল। আমরা এখন যেমন ব্যাটিং করছি, কখনও কখনও এই বিষয়টিও মাথায় রাখতে হয়। আমার মতে, (একাদশ সাজানোর ক্ষেত্রে) এটিও প্রভাব ফেলেছে।"
"কারণ, আমার মতে প্রথমত টেস্ট ম্যাচ জেতার জন্য খেলতে নামতে হবে। যদি জয়ের মতো অবস্থায় না যাওয়ায় যায়, তখন অবশ্যই ম্যাচটি বাঁচাতে হবে। এত সহজেই টেস্টে হাল ছেড়ে দেওয়া যায় না। এটিও ছিল ভাবনায়। তাই আমরা এমন সমন্বয়ে এগিয়েছি।"
অবশ্য শুধু এই চট্টগ্রাম টেস্ট নয়, বাংলাদেশ ক্রিকেটে প্রায় নিয়মিতই দেখা যায় চার বোলার নিয়ে খেলার ঘটনা। এর মাশুলও গুনতে হয় প্রায়ই। যথেষ্ট বিকল্প না থাকায় জুটি ভাঙতে অনিয়মিত বোলারদের দিকে ঝুঁকতে হয় অধিনায়কদের। তাতে সাফল্য মেলে খুব কম।
ডি জর্জি, স্টাবসের বড় জুটি গড়ে ওঠার পর নাজমুল হোসেন শান্তও ভিন্ন কিছুর আশায় বল তুলে দেন মুমিনুল হকের হাতে। তবে চার ওভার হাত ঘুরিয়ে সাফল্য পাননি মুমিনুল। সারা দিনে তাই মাত্র দুই উইকেট নিয়েই ড্রেসিং রুমে ফিরতে হয় বাংলাদেশকে।
নাটকীয় পালাবদলে বাংলাদেশের দায়িত্ব পেয়ে সিরিজ শুরুর মাত্র চার দিন আগে কাজ শুরু করেছেন সিমন্স। তার দিকে এখনই আঙুল তোলা কঠিন। তিনিও সেই কথাই বললেন।
"মাত্র ৮-১০ দিন আগে যোগ দিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়। তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারে নিজের ভাবনা এবং টেস্ট ক্রিকেট কীভাবে খেলা উচিত, তা বাস্তবায়নের চেষ্টা করছি। টেস্ট ক্রিকেটে কীভাবে এগোব এবং পুরোটা দেব... যেটা আজ ফিল্ডিংয়ে করেছি আমরা।"
"আপাতত এটুকুই করতে পারি আমরা। আমার কোচিং দর্শনের মূল বিষয়টা হলো, আমরা যথাযথ প্রস্তুতি নেব এবং মাঠে সবটুকু নিংড়ে দেব। আজকের দিনটা কঠিন ছিল। তবে আমরা আগামীকাল ঘুরে দাঁড়াব।"
ঘুরে দাঁড়ানোর কাজটা মোটেও সহজ নয়। নতুন দিনে দ্রুত দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে পরে ব্যাট হাতেও ভালো করতে হবে স্বাগতিকদের। এই অভিযানে নিজেদের সাম্প্রতিক ছন্দের পাশাপাশি বড় বাধা হতে পারে মাঠের বাইরের নানা ঘটনা।
প্রথম টেস্টে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বেশ কয়েকদিন উত্তেজনা বিরাজ করে হোম অব ক্রিকেটের আশপাশে। আর চট্টগ্রামে আসার আগে শান্তর অধিনায়কত্ব নিয়ে শুরু হয় গুঞ্জন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এই টেস্ট দিয়েই জাতীয় দলের নেতৃত্ব ছাড়তে চান ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
এমন পরিস্থিতিতে মাঠের ক্রিকেটে মনোযোগ ধরে রাখাও সহজ নয়। সিমন্স অবশ্য বললেন, তাদের দিক থেকে চেষ্টার কমতি থাকছে না।
"আমি জানি না, আমাদের সঙ্গে না থাকার সময় তাদের মনোযোগ সরে যায় কিনা। তবে যখন আমা একসঙ্গে থাকি, নিজেদের কাজেই মন দেওয়ার চেষ্টা করি। কীভাবে প্রস্তুতি নেওয়া যায় অথবা শেষ দুই দিন যেভাবে আমরা অনুশীলন করেছি।"
"এরপর আজকের সকালে যখন এলাম, আমাদের ভাবনা ছিল, যদি টস জিতি তাহলে কী করব বা হারলে কী হবে। তো এখানে যা কিছু এর নিয়ন্ত্রণ আছে আমাদের কাছে। তবে এর বাইরে গিয়ে যদি তাদের মনোযোগ নড়ে যায়, আমার কিছু বলার নেই।"
