Published : 10 Jul 2026, 08:14 AM
ম্যাচের প্রথম ভাগে বেন কারান দেখালেন দ্রুত উইকেট হারালে কীভাবে হাল ধরতে হয়। পরের ভাগে বাংলাদেশের পরিস্থিতিও ছিল প্রায় একই। শুরুর ধাক্কার পর জুটি গড়লেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তবে কারানের মতো শেষ পর্যন্ত টিকে থাকলেন শুরু থেকে শেষ পর্যন্ত। বাংলাদেশের কেউ পারলেন না লম্বা ইনিংস খেলতে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর তানজিদ বললেন, এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।
দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৮। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায়ের পর বেশ সাবলীল খেলছিলেন তানজিদ ও হৃদয়। লক্ষ্যের দিকে ছুটছিল দল। কিন্তু অনিয়মিত বোলার ব্রায়ান বেনেটের বলে তানজিদ ৫৭ রানে বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের ৮৩ রানের জুটি।
তার বিদায়ের পর দলকে টেনে নিচ্ছিলেন হৃদয়। নুরুল হাসান সোহানের সঙ্গে গড়ে তোলেন জুটি। কিন্তু ওয়েসলি মাধেভেরের বলে নীরিহ এক ডেলিভারিতে বাজে শটে আউট হয়ে দলকে ফেলেন বিপদে।
পরে সোহান ও মিরাজ আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত থাকতে পারেননি কেউই। ১৩ রানে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে ফিফটি করা দুই ব্যাটসম্যানের কেউ ৬০ পার হতে পারেননি। জিম্বাবুয়ের কারান ব্যাট করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। ম্যাচের পর তানজিদ বললেন, এখানেই ম্যাচের ভাগ্য গড়া হয়েছে।
“যখন আমি আর হৃদয় ব্যাট করছিলাম, আমরা খুব ভালোভাবেই থিতু হয়েছিলাম এবং এটা (জুটি) বড় করা দরকার ছিল। দুজনই পঞ্চাশের পর আউট হয়েছি। কিন্তু একজনের উচিত ছিল শেষ বল পর্যন্ত ইনিংস টেনে নেওয়ার। আমার মনে হয়, এ কারণেই ম্যাচ হেরেছি।”
“সে (কারান) শেষ বল পর্যন্ত ইনিংস টেনে নিয়েছে, আমরা পারিনি। এটিই পার্থক্য।”
টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। আর জিম্বাবুয়েতে এটি টানা দ্বিতীয় সিরিজ হার। এক ম্যাচ আগে সিরিজ হেরে যাওয়া সফরকারীরা এখনও পায়নি কোনো জয়ের দেখা। একমাত্র টেস্টের পর হেরেছে প্রথম দুই ওয়ানডে।
সিরিজ থেকে তবু প্রাপ্তির সুযোগ দেখছেন তানজিদ। তৃতীয় ওয়ানডে জিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যের কথা বললেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
“এটা খারাপ একটা সিরিজ গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আমাদের একটি ওয়ানডে আছে। যদি আমরা ভালো খেলি এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগে ভালো করি, তাহলে টি-টোয়েন্টি সিরিজের আগে ভালো করার আত্মবিশ্বাস দেবে।”
ওয়ানডে সিরিজের পরের ম্যাচ শনিবার। টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার।