২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জিডি ট্রফি শুরুর ম্যাচে জারিফের ৯৯

অনুর্ধ্ব-১৯ দলের জয়ের পথে ব্যাট হাতে দারুণ ইনিংসের পর এক উইকেট নিয়ে ম্যাচ-সেরা জারিফ সিয়াম।

জিডি ট্রফি শুরুর ম্যাচে জারিফের ৯৯
ম্যাচ-সেরা জারিফ সিয়াম। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 09:11 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটসম্যানই দৌড় দিলেন স্ট্রাইক প্রান্তে, কেউই ছুঁতে পারলেন না পপিং ক্রিজ। তাতে নন স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দেওয়া জারিফ সিয়াম হলেন রান আউট। এক রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারলেন না তিনি। 

তবে ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে বিশাল জয় পেয়েছে তার দল। জিডি ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দেশের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এবারই প্রথম একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আগে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৮ উইকেটে ৩২৯ রান তোলে অনূর্ধ্ব ১৯ দল। জবাবে ২৯.১ ওভারে কেবল ৮৩ রানে অলআউট হয়ে যায় অনুর্ধ্ব ১৭ দল।

৯৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জারিফ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলায় মনোযোগ দেয় অনূর্ধ্ব-১৯। দ্রুত উইকেটও পড়ে। চতুর্থ ওভারে ফেরেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি, তখন দলের রান ৪৩। তিনে নামা অদ্রিত ঘোষ থিতু হতে পারেননি।

৫৯ রানে দুই উইকেট হারানো দলকে টানেন জারিফ ও আহসান আল মুমিন। তৃতীয় উইকেটে ১৪১ রান যোগ করেন তারা। 

২৫তম ওভারের তৃতীয় বলে ওই দুর্ভাগ্যজনকভাবে আউট হন জারিফ। স্কয়ার লেগে দারুণ ফিল্ডিংয়ে বল ধরে উইকেটরক্ষক সৌরভ কর্মকারের কাছে ফেরত পাঠান মোহাম্মদ আব্দুল্লাহ। বল পেয়ে সৌরভ যখন স্ট্যাম্প ভাঙেন, তখন পপিং ক্রিজ স্পর্শ করেননি দুই ব্যাটারের কেউই।

৭৬ বলের ইনিংসে ১২টি চার ও তিনটি ছক্কা মারেন জারিফ।

পরের ওভারে ফিরে যান মুমিনও; ৬৫ বলে ৬৭ রান করার পথে আটটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। 

পরে অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ৫৩ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে তিনশ পেরিয়ে যায় দলটি।

রান তাড়ায় শুরুতেই পত হারিয়ে ফেলে অনূর্ধ্ব-১৭। প্রথম ছয় ওভারে ১৫ রান তুলতেই দলটি হারায় চার উইকেট। পঞ্চম উইকেট জুটিতে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়ে ইমরান ভুঁইয়া ও রিফাত হাওলাদার যোগ করেন ৩৩ রান। 

আর কোনো জুটিতে ১০ রানও আসেনি। দলটি শেষ পাঁচ উইকেট হারায় ৩৫ রানে।

অনুর্ধ্ব ১৯ দলের হয়ে শাকিল খান তিনটি এবং শেখ আতিকুর রহমান আকাশ ও তাফিউল আলম তামিম নেন দুইটি করে উইকেট।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রোববার অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল: ৪৩ ওভারে ৩২৯/৮ (মুহি ১১, জারিফ ৯৯, অদ্রিতো ৫, মুমিন ৬৭, ফরিদ ৬২, ফারহান ৪, শাকিল ৬, আল রাফি ৭, রুবায় ২৬, আকাশ ৫*; মাজাদুল ৬-০-৫০-০, সিফাত ৬-০-৫৬-২, সাকিবুল ৬-০-৬১-১, ইয়াসিন ৯-০-৪৭-৩, আব্দুল্লাহ ৭-০-৬১-০, ইমরান ৯-০-৪৭-১)

বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দল: ২৯.১ ওভারে ৮৩/১০ (আসাদুল্লাহ ০, হোসেন ০, নয়ন ৬, সৌরভ ৪, ইমরান ২৪, রিফাত ১০, আব্দুল্লাহ ৯, মাজাদুল ১১*, ইয়াসিন ৮, সাকিবুল ০, সিফাত ৪; আকাশ ৩-২-৩-২, তাফিউল ৩-০-১২-২, রুবায় ৩-০-১৫-০, আল রাফি ৬-১-১৪-১, জারিফ ৪-১-১০-১, শাকিল ৪-১-৮-৩, ফারহান ৫-০-১৯-০, মুমিন ১.১-০-২-১)

ফল: বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল ২৪৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ:  জারিফ সিয়াম