২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানহানির মামলা: যে কারণে ধোনিকে ১০ লাখ রুপি দিতে নির্দেশ আদালতের

১০০ কোটি রুপির মানহানির মামলায় সাবেক ভারতীয় অধিনায়ককে এই অর্থ জমা দিতে বলেছে মাদ্রাজ হাইকোর্ট।

মানহানির মামলা: যে কারণে ধোনিকে ১০ লাখ রুপি দিতে নির্দেশ আদালতের
মাহেন্দ্র সিং ধোনি। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 08:51 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত মানহানির মামলায় মাহেন্দ্র সিং ধোনিকে ১০ লাখ রুপি দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। দীর্ঘদিন ধরে চলমান মামলাটির অডিও রেকর্ডিং অনুবাদ ও প্রতিলিপি তৈরি করার খরচ মেটাতে সাবেক ভারতীয় অধিনায়ককে এই অর্থ জমা দিতে বলা হয়েছে।

বিচারপতি আর এন মাঞ্জুলা বলেছেন, টেলিভিশন বিতর্ক ও সংবাদ ক্লিপসহ হিন্দি ভাষার রেকর্ডিংগুলো লিখিত ইংরেজিতে রূপান্তর করতে যথেষ্ট সময় ও প্রচেষ্টা লাগবে। বিচারক এটিকে বিশাল কর্মযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন। এজন্য তিন থেকে চার মাস ধরে কাজ করতে একজন দোভাষী ও টাইপিস্টের প্রয়োজন।

যেহেতু ধোনিই মামলাটি দায়ের করেছেন, তাই আদালত রায় দিয়েছে যে তাকে খরচ বহন করতে হবে। আগামী ১২ মার্চের মধ্যে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিতে হবে, যাতে এক যুগের পুরোনো মামলাটি এগিয়ে নেওয়া যায়।

২০১৪ সালে দুটি মিডিয়া চ্যানেল, এক সাংবাদিক ও এক অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলাটি দায়ের করেন ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিযোগ, ২০১৩ সালের আইপিএলে বেটিং ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছিলেন তারা।

কোনো অনৈতিক কাজে জড়িত হওয়ার কথা অস্বীকার করেছেন ধোনি। 

একাধিক অন্তর্বর্তী আবেদন ও আপিলের কারণে মামলাটি বিলম্বিত হয়েছে।

মামলার পরবর্তী শুনানির জন্য ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে। 

২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও আইপিএলে এখনও খেলছেন ৪৪ বছর বয়সী ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি জিতেছেন রেকর্ড পাঁচটি শিরোপা।