১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে সরে দাঁড়ালে ‘২ বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’

আরও কঠিন শাস্তির পথে হাঁটতে বিসিসিআইকে আহ্বান করেছেন সুনিল গাভাস্কার।

আইপিএল থেকে সরে দাঁড়ালে ‘২ বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’
সুনিল গাভাস্কার। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 06:48 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া দল পাওয়ার পর আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ার বর্তমান শাস্তি যথেষ্ট মনে হচ্ছে সুনিল গাভাস্কারের। সরে দাঁড়ানো ক্রিকেটারের ওপর প্রভাব ফেলবে, এমন কিছু ভাবতে বিসিসিআইকে আহ্বান করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান। 

নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কোনো বিদেশী ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিলামে অংশ নিতে দেওয়া ও আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে না। গ্রহণযোগ্য কারণ বলতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে, ‘চোট সমস্যা বা মেডিকেল সংক্রান্ত কোনো ইস্যু’, যেটি ওই ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কিন্তু বেন ডাকেটের কোনো চোট সমস্যা নেই। টেস্টের ফর্ম পুনরুদ্ধারে কাজ করার জন্য আইপিএল থেকে নাম সরিয়ে নেন তিনি। নিলাম থেকে ইংলিশ ওপেনারকে দুই কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের এবারের আসর শুরু হয়েছে শনিবার। আর গত বুধবার নাম প্রত্যাহার করার ঘোষণা দেন ডাকেট। শেষ মুহূর্তে এসে এভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। 

২০২৫ আইপিএলের আগে দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক। এই কারণে দুই বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি।

তবে এই শাস্তি কার্যকর মনে হচ্ছে না গাভাস্কারের কাছে। ইন্ডিয়া টুডে-তে আলাপকালে তিনি বলেন, আরও কঠিন শাস্তির কথা ভাবতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

“এটা জটিল এক পরিস্থিতি। স্পষ্টই বেন ডাকেট অ্যাশেজ সিরিজে দারুণ খেলেছে। ‘দা হান্ড্রেডের’ নিলামে সে যদি এত বেশি দামে বিক্রি না হতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। এটা সহজেই বোধগম্য যে, ‘দা হান্ড্রেডে’ খুব ভালো পারিশ্রমিক পাওয়ায় সে হয়তো আইপিএলে না খেলে খুশি আর বলছে সে টেস্ট ক্যারিয়ারে মনোযোগ দিতে চায়।”

“তবে হ্যাঁ, কী করা উচিত এনিয়ে বিসিসিআইয়েরও এখন ভাবার সময় এসেছে। কারণ দুই বছরের নিষেধাজ্ঞা কাজ করছে না। এমন কিছু খুঁজে বের করতে হবে, যা ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলবে। যতক্ষণ পর্যন্ত শাস্তি খেলোয়াড়দের ওপর প্রভাব না ফেলবে এবং তাদের আইপিএলে ফেরার পথে বাধা না হয়ে দাঁড়াবে, ততক্ষণ এটা কার্যকর হবে না।”

আইপিএলে না খেললেও ‘দা হান্ড্রেডের’ এবারের আসরে খেলার সম্ভাবনা প্রবল ডাকেটের। নিলামের আগেই তার সঙ্গে সরাসরি চুক্তি করে ট্রেন্ট রকেটস। আগামী জুলাইয়ে শুরু ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট।