Published : 26 Jun 2025, 07:26 PM
কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২৯০। বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে গেছে লঙ্কানরা, উইকেট বাকি এখনও ৮টি।
ওপেন করতে নেমে ১৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন পাথুম নিসাঙ্কা। ২৩৮ বলের ইনিংসে ১৮টি চার মেরেছেন তিনি।
আগের টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১৮৭ রান।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার সকালে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। এ দিন আর তারা ২৭ রান যোগ করতে পারে। ইবাদত হোসেন আউট হন ৮ রানে। ৫ চারে ৩৩ রানের লড়িয়ে ইনিংস খেলেন তাইজুল।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে এগোতে থাকে। বাংলাদেশের ধারহীন বোলিংয়ে অনায়াসেই ৮৮ রানের উদ্বোধনী জুটি গড়েন নিসাঙ্কা ও লাহিরু উদারা।
৪০ রান করা উদরাকে দারুণ ডেলিভারিতে ফেরান তাইজুল। এরপর বাংলাদেশকে হতাশা করে বিশাল জুটি গড়েন নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। এই জুটিতেই বাংলাদেশের স্কোর পেরিয়ে যায় শ্রীলঙ্কা।
দুজনের ১৯৪ রানের জুটি থামে একদম শেষ বিকেলে। নাঈম হাসানকে রিভার্স সুইপ করতে গিয়ে সেঞ্চুরি হারান চান্ডিমাল। ১৫৩ বলে ৯৩ রান করে আউট হন অভিজ্ঞ ব্যাটসম্যান।
নাইটওয়াচম্যান প্রাবাথ জায়াসুরিয়াকে নিয়ে দিন শেষ করেন নিসাঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জায়াসুরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০-৭-০)