২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বাসের মন্ত্রে সিরাজের ‘প্রায়শ্চিত্ত’

‘সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলেছিলাম, আমি ম্যাচ ঘুরিয়ে দেব’, ওভাল টেস্টে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে বললেন ভারতীয় পেসার।

বিশ্বাসের মন্ত্রে সিরাজের ‘প্রায়শ্চিত্ত’
ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

হয়ে যেতে পারতেন খলনায়ক। সেই মোহাম্মদ সিরাজই শেষ পর্যন্ত ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক। আগের দিন হ্যারি ব্রুকের ‘ক্যাচ’ মুঠোয় জমিয়েও বাউন্ডারি লাইনে পা দিয়ে ছক্কা বানিয়ে ফেলেন তিনি। ১৯ রানে জীবন পেয়ে ইংলিশ ব্যাটসম্যান বিধ্বংসী সেঞ্চুরি করার পর সিরাজের মনে হয়েছিল, ম্যাচ থেকে বুঝি ছিটকে গেছেন তারা। তবে নতুন দিন শুরু করেন তিনি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে। ভারতীয় পেসার বললেন, জয়ের বিশ্বাস সকাল থেকেই ছিল তার মনে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট। এর মধ্যে শেষটিসহ তিন উইকেট নিয়ে দলকে ৬ রানের রোমাঞ্চকর জয় এনে দেন সিরাজ। ২-২ সমতায় সিরিজ শেষ করে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৯ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ’ নির্বাচিত হওয়ার পর সিরাজের কণ্ঠে ফুটে উঠল উচ্ছ্বাস। আগের দিনের ঘটনা কতটা পোড়াচ্ছিল তাকে, বললেন সেটাও।

“আমার অনুভূতি ভাষায় বর্ণনা করতে পারছি না। গতকালের ঘটনার পর মনে হয়েছিল, আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। যদি লাঞ্চের আগে হ্যারি ব্রুককে আউট করতে পারতাম আমরা, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। পঞ্চম দিনে গড়াত না ম্যাচ। সেটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। কিন্তু তারপর আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াই।”

“আজ সকালে ঘুম থেকে উঠে নিজেকে বললাম, আমি ম্যাচ ঘুরিয়ে দেব। গুগল থেকে ‘বিশ্বাস’ (লেখা) ছবি ডাউনলোড করে আমার ফোনের ওয়ালপেপার হিসেবে রেখে দিই।”

শেষ দিনে প্রথম দুটি উইকেটই নেন সিরাজ। দিনের দ্বিতীয় ওভারে জেমি স্মিথকে কট বিহাইন্ড করে ফেরান তিনি। নিজের পরের ওভারে এলবিডব্লিউ করে দেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জেমি ওভারটনকে।

প্রাসিধ কৃষ্ণা এরপর জশ টংকে বোল্ড করার পর সিরাজকে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন গাস অ্যাটকিনসন। ভাঙা কাঁধ নিয়ে এক হাতে ব্যাটিংয়ে নামা ক্রিস ওকসের সঙ্গে শেষ জুটিতে চেষ্টা করেন তিনি। ইংল্যান্ডের দরকার যখন ৭ রান, দারুণ এক ইয়র্কারে অ্যাটকিনসনকে বোল্ড করে ম্যাচের ইতি টেনে দেন সিরাজ। করেন আগের দিনের ভুলের প্রায়শ্চিত্ত। 

শেষ দিনে বোলিংয়ের পরিকল্পনা কী ছিল, সেটাও জানালেন ৩১ বছর বয়সী এই পেসার।

“আমার একমাত্র পরিকল্পনা ছিল ধারাবাহিকভাবে এক জায়গায় বল করা এবং সেখান থেকে বল ভেতরে ঢোকানো ও বাইরে বের করা। আমি খুব বেশি চেষ্টা করতে চাইনি, কারণ এতে (ইংল্যান্ডের ওপর থেকে) চাপ কমে যেতে পারত। প্রথম দিন থেকে আজ পর্যন্ত, প্রতিটি টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। তাই দলের সবাইকে অভিনন্দন, তারা যেভাবে লড়াই করেছে তার জন্য।”

পাঁচ টেস্টের সিরিজে প্রতিটি ম্যাচে খেলেছেন সিরাজ। সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন তিনিই।