১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাকিব-তাসকিনদের এলপিএল দলের মালিক গ্রেপ্তার

জাফনা কিংসের ভারতীয় মালিক মানজোত কালরাকে শুক্রবার আটক করেছে শ্রীলঙ্কান পুলিশ।

সাকিব-তাসকিনদের এলপিএল দলের মালিক গ্রেপ্তার
ছবি: শ্রীলঙ্কান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 07:44 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

এক ক্রিকেটারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংসের মালিক মানজোত কালরা। দলটির হয়ে এবারের এলপিএলে খেলার কথা রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।

টুর্নামেন্ট শুরুর দিন শুক্রবার কলম্বোর একটি হোটেল থেকে ভারতীয় নাগরিক কালরাকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কা পুলিশ।

দেশটির পুলিশের ক্রীড়া তদন্ত বিভাগের পরিদর্শক সুপুন ভিদানাগে বলেন, দশদিন আগে প্রস্তাব পেয়ে পুলিশের কাছে কালরার বিরুদ্ধে অভিযোগ জানান এক ক্রিকেটার। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুইজন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছেন তিনি।

আরও জানান, এক ক্রিকেটারকে তিনি ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি (২৮ হাজার ৭০০ ডলার) দিতে চেয়েছিলেন। তাকে দ্রুতই আদালতে হাজির করা হবে।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস‍্য ছিলেন কালরা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ বলে ১০১ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা। ওই বছর ও ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন, যদিও কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি। পরে ২০২০ আইপিএল নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি।

২০১৯ সালে বয়স চুরির অভিযোগে এক বছর নিষিদ্ধ হন রাঞ্জি ক্রিকেটে। আপিলের পর সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আর স্বীকৃত ক্রিকেটে তার ফেরা হয়নি।

সব মিলিয়ে, স্বীকৃত ক্রিকেটে দিল্লির হয়ে দুটি টি-টোয়েন্টি ও একটি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন কালরা।

তার আটকে এলপিএলের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে এলপিএলের ষষ্ঠ আসর। পাশাপাশি টুর্নামেন্টের সততা রক্ষায় অবিচল থাকার কথা জানিয়েছে। 

আসরের প্রথম ম্যাচে ১৭ জুলাই বাংলাদেশ সময় ৮টায় (পিএম) মুখোমুখি হবে জাফনা কিংস ও গল গ্যালান্টস।

এই টুর্নামেন্ট ঘিরে ম্যাচ ফিক্সিং ও দূর্নীতির অভিযোগ বেশ পুরনো। চলতি বছরের জানুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে এলপিএলের এক দলের ব্রিটিশ মালিককে চার বছরের স্থগিত কারাদণ্ড দেয় শ্রীলঙ্কা আদালত।

এছাড়া, ডাম্বুলা থান্ডার্সের বাংলাদেশি বংশোদ্ভূত মালিক তামিম রহমান শ্রীলঙ্কার আদালতে খেলোয়াড়দের প্রভাবিত করার পাশাপাশি জুয়ার আয়োজনের কথা স্বীকার করে শাস্তির মুখে পড়েন। পাঁচ বছর স্থগিত রেখে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুই কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রূপি জরিমানা করা হয়।

সাকিব-তাসকিন ছাড়াও এলপিএলের ষষ্ঠ আসরে খেলবেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। কলম্বো কাপসের হয়ে খেলবেন হাসান মাহমুদ এবং গল গ্যালান্টসের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। চোটের কারণে এলপিএল থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।