২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বুমরাহ ফিট, হার্শিতের নতুন চোট

হার্শিত রানার জায়গায় আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন ইয়াশ ঠাকুর।

বুমরাহ ফিট, হার্শিতের নতুন চোট
জাসপ্রিত বুমরাহ। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 07:01 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

জাসপ্রিত বুমরাহকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে খেলায় ফেরার সবুজ সংকেত পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। তবে দুর্ভাগ্য সঙ্গী হয়েছে হার্শিত রানার। নতুন করে চোট পাওয়ায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

বাঁ হাঁটুর চোট আবারও দেখা দেওয়ায় গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলেননি বুমরাহ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেও ছিলেন না তিনি। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হার্শিত ও ওয়াশিংটন সুন্দার। আর গত জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেশিতে চোট পান নিতিশ কুমার রেড্ডি।

অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এই চারজনকে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের দলে রাখে ভারত। তবে শর্ত ছিল ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে (সিওই) বুমরাহর পাশাপাশি ওয়াশিংটন ও নিতিশ সেই চ্যালেঞ্জ পার করেন।

কিন্তু বিপত্তি বাঁধে হার্শিতের বেলায়। সিওই-তে পুনর্বাসন চলার সময়ই নতুন করে চোট পান তিনি। বিসিসিআই বৃহস্পতিবার জানিয়েছে, গত সোমবার ম্যাচ পরিস্থিতির অনুশীলনে বোলিং করার সময় ঊরুর পেশিতে টান লাগে এই পেসারের। যা তাকে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস থেকে ছিটকে দিয়েছে।

হার্শিতের জায়গায় আফগান সিরিজ ও এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ইয়াশ ঠাকুর। গত জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২৭ বছর বয়সী পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটি করে উইকেট নেন তিনি।

দুলিপ ট্রফির সেমি-ফাইনালে সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলেন ইয়াশ। প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন তিনি, যার একটি ছিল ইশান কিশানের। দ্বিতীয় ইনিংসে ফেরান বৈভাব সুরিয়াভানশিকে।

আইপিএলে এখন পর্যন্ত চার মৌসুম খেলেছেন ইয়াশ; লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২২ ম্যাচ খেলে তার উইকেট ২৭টি।

আফগানদের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ হবে আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচেই হবে দিল্লিতে।

দিল্লিতে হলেও, সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

এরপর ভারতের এই দলই এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে উড়াল দেবে। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনাল দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে তারা। সেমি-ফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারত দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, বৈভাব সুরিয়াভানশি, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলাক ভার্মা, শিভাম দুবে, নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তী, রাভি বিষ্ণই, জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং ও ইয়াশ ঠাকুর।