১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবসর ভেঙে ফিরলেন ডি কক, আছেন পাকিস্তান সফরের দলে

২০২৭ সালে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নতুন করে জাগল।

অবসর ভেঙে ফিরলেন ডি কক, আছেন পাকিস্তান সফরের দলে
দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ওয়ানডে দল থেকে সরে দাঁড়ানোর দুই বছরের বেশি সময় পর, আবার এই সংস্করণে দেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন কুইন্টন ডি কক। আসছে পাকিস্তান সফরের জন্য তাকে নিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অক্টোবর-নভেম্বরের এই সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে তারা, ওই ম্যাচের দলেও আছেন ডি কক।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর, এই সংস্করণকে বিদায় জানান ডি কক। ওই সময়ে তার বয়স ছিল কেবল ৩০ বছর। এর বছর দেড়েক আগে ৫৪ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিতে তিন হাজার ৩৩০ রান করে এই সংস্করণ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।ঃ

দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাদা বলে সবশেষ ডি কক খেলেছেন ২০২৪ সালের জুনে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। অবশ্য তিনি আনুষ্ঠানিকভাবে কখনও টি-টোয়েন্টি জাতীয় দল থেকে অবসর নেননি।

তারপরও, এই দীর্ঘ সময়ে দক্ষিণ আফ্রিকার কোনো দলেই ডি কককে রাখেননি তাদের সাবেক কোচ রব ওয়াল্টার। কারণ তিনি এই অভিজ্ঞ ক্রিকেটারের দীর্ঘ মেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা জানতেন না। মাঝের এই সময়ে বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন, সোমবার শেষ হওয়া ক্যারিবিয়ান সুপার লিগেও খেলেছেন।

ডি ককের সঙ্গে আলোচনার পর দেশটির বর্তমান প্রধান কোচ শুক্রি কনরাড জানান, জাতীয় দলের প্রতি এখন নিবেদিত থাকবেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

“সাদা বলের শিবিরে কুইন্টনের ফেরা আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। গত মাসে তার ভবিষ্যৎ নিয়ে আলাপকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে, তার মধ্যে এখনও দেশের প্রতিনিধিত্ব করার দারুণ আকাঙ্ক্ষা আছে। দলে সে কতটা মান যোগ করতে পারে, সেটা সবাই জানে এবং তাকে দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।”

১৫৫ ওয়ানডেতে ৪৫.৭৪ গড়ে ৬ হাজার ৭৭০ রান করা ডি কক এই সংস্করণকে বিদায় বলার সময়ই অবশ্য পরবর্তীতে আবার ফিরে আসার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ৫০ বছরের ক্রিকেটে তার ২১টি শতক ও ৩০টি অর্ধশতক আছে। আর দেশের হয়ে ৯২ টি-টোয়েন্টি খেলে ৩১.৫১ গড়ে দুই হাজার ৫৮৪ রান করেছেন তিনি, এক সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি আছে তার।

আরও পড়ুন

বাভুমার চোটে টেস্ট দলের নেতৃত্বে মার্করাম