১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টোকস-রুটদের কোচ সারাহ টেইলর

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নারী দলের সাবেক উইকেটরক্ষককে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

স্টোকস-রুটদের কোচ সারাহ টেইলর
ইংল্যান্ড টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জেমস রু এর সঙ্গে সারাহ টেইলর। ছবি: ইসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

কোচিং ক্যারিয়ারে বড় এক দায়িত্ব পেয়েছেন সারাহ টেইলর। বেন স্টোকস, জো রুটদের ফিল্ডিং কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেটরক্ষক। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে ইংলিশরা। 

লর্ডসে আগামী ৪ জুন শুরু হবে তিন টেস্টের সিরিজ। পরের দুই ম্যাচ ওভাল ও ট্রেন্ট ব্রিজে, শুরু ১৭ জুন ও ২৫ জুন।

ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন সারাহ। এবার ছেলেদের টেস্ট দলে কাজ করতে যাচ্ছেন তিনি। কার্ল হপকিন্সের কাভার হিসেবে স্বল্প মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। হপকিন্স এখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে আছেন।

খেলোয়াড়ী জীবনে পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়েই সেরা উইকেটরক্ষকদের একজন মনে করা হতো সারাহকে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২২৬ ম্যাচ খেলেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ক্রিকেটকে বিদায় বলার পর, কোচিংয়ে মনোনিবেশ করা সারাহ এর আগে সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের মতো পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন।