মুস্তাফিজের বাদ পড়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান
তুমুল আলোচিত ও বিতর্কিত ঘটনাটি নিয়ে বললেন আইপিএল চেয়ারম্যান আরুন সিং ধুমাল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে বিতর্কিতভাবে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তুমুল আলোচিত সেই ঘটনাটি নিয়ে এবার আইপিএল চেয়ারম্যান আরুন সিং ধুমাল বললেন, বাংলাদেশের বাঁহাতি পেসারের বাদ পড়া ছিল ‘দুর্ভাগ্যজনক।’
আইপিএলের গত নভেম্বরের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে, ভারতীয় বোর্ডের নির্দেশে জানুয়ারির শুরুতে তাকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।
এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পরই মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বর্তমানে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলছেন তিনি, ভারতে চলছে আইপিএল।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল পরিচালনায় প্রায়ই ‘রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ’ নিয়ে জিজ্ঞেস করা হলে মুস্তাফিজের বিষয়ে বলেন ধুমাল।
“আমি শুধু বলব এটা ছিল দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।”
প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক বৈরিতায় ২০০৮ সালের পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ দেওয়া হয় না। ধুমাল যদিও বললেন, দেশে ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে ভারত সরকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।
“মাঝে মাঝে যেভাবে ঘটনাগুলো ঘটে, তা দুর্ভাগ্যজনক। আমি মনে করি না যে, দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটের সমর্থক। কিন্তু হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে এমনটা আর হবে না।”
