১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রফির ছবি আঁকছেন অধিনায়ক শেখ মেহেদি

টুর্নামেন্ট শুরুর আগের দিন যে দল ছিল টালমাটাল, ফাইনালের আগের দিন সেই দলই স্বপ্ন দেখছে শিরোপা জয়ের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ফাইনালে ওঠা কিংবা শিরোপার কথা ভাবা তখন অলীক কল্পনা। দলটা থাকবে কি না, বড় প্রশ্ন ছিল সেটিই। টুর্নামেন্ট শুরুর আগের দিন সরে দাঁড়ায় মালিকপক্ষ। দল তখন অনিশ্চয়তার দোলাচলে। তড়িঘড়ি করে দায়িত্ব নেয় বিসিবি। পরের গল্পটা রূপকথার মতোই। বিপিএল শুরুর আগের দিন যে চট্টগ্রাম র‌য়্যালস ছিল বিপর্যস্ত ও টালমাটাল, শেষের আগের দিন সেই দলটিই স্বপ্নাতুর। অধিনায়ক শেখ মেহেদি হাসানের কণ্ঠে শিরোপা স্বপ্নের প্রতিধ্বনি।

বিসিবি দলের দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দারুণ ক্রিকেট উপহার দেয় চট্টগ্রাম। সীমিত শক্তি নিয়ে ও বিদেশের বড় কোনো তারকা ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটতে থাকে তারা। কোয়ালিফায়ার নিশ্চিত করার পর দুটি ম্যাচ হেরে গেলেও প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় তারা সবার আগে।

শিরোপা মঞ্চে পা রাখার পর এখন ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষা। ফাইনালের আগের দিন অধিনায়ক শেখ মেহেদি বললেন, সবার ভেতরই সেই তাড়না আছে। 

“ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটায় যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সে ক্ষুধা আছে। দেখা যাক, কী হয় কালকে।”

ফাইনালে আবার সেই রাজশাহীকেই পাচ্ছে চট্টগ্রাম। প্রাথমিক পর্বে দুই লড়াইয়ে দুই দলেরই জয় ছিল একটি করে। কোয়ালিফায়ার জিতে এগিয়ে গেছে চট্টগ্রাম। তবে ফাইনালের সমীকরণ তো আলাদা। প্রতিপক্ষকে সেই সম্মান ও সমীহ করছেন চট্টগ্রাম অধিনায়কও। 

“আমার কাছে মনে হয়, বিপিএলে সেরা দলগুলোর একটি রাজশাহী। খুবই ভারসাম্যপূর্ণ দল, সব বিভাগে খুব ভালো ক্রিকেটার আছে এবং তারা পুরো আসরে ভালো ক্রিকেট খেলে এসেছে। আমার কাছে রাজশাহী দল চেয়ে বেশি ভালো লেগেছে এ বছর।”

“রংপুরও ভালো ছিল দিক থেকে, দুর্ভাগ্যজনকভাবে তারা কোয়ালিফাই করতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী সেরা দলগুলির একটি। তবে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ওদের সঙ্গে, ভালো জানাশোনা আছে। দেখা যাক কালকে যদি আমরা ভালোভাবে মেলে ধরতে পারি, হয়তো বা আমাদের পক্ষেও আসতে পারে।”

ফাইনালে টস খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন না শেখ মেহেদি। তবে লড়াই দারুণ জমবে বলে ধারণা তার। 

“রাতের ম্যাচে টসটা অনেক গুরুত্বপূর্ণ থাকে না। টস জিতলে অনেক ক্ষেত্রে ১০ শতাংশ মানসিকভাবে এগিয়ে থাকা যায়।  তারপরে নির্ভর করতে হয় উইকেটের উপর। শিশিরের ব্যাপারও থাকে।”

“ফাইনাল খেলা আমার মনে হয় ফাইনালে মতনই হবে। সবসময় বরাবর যেভাবে হয়ে আসছে। টুইস্ট থাকবে খেলাতে, উত্তেজনা থাকবে। আমার মনে হয় যে খুব কঠিন লড়াইয়ের ক্রিকেট হবে আগামীকাল।”