২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা কোচ নিয়োগ: ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় অংশ নিলেন আগ্রহীরা

আগের দফায় জেলা কোচ নিয়োগ পরীক্ষা নিয়ে নানা প্রশ্ন ওঠায় এবার এক রকম উন্মুক্ত পরিবেশে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 08:13 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামজুড়ে নিরাপত্তায় কিছুটা কড়াকড়ি, মিডিয়া প্লাজায় বেশ ভীড়। এখানে ভিড় জমানো সবাই এসেছেন নিজ জেলায় বিসিবির কোচ হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে। কোচ নিয়োগের মানদণ্ড কমানোর পাশাপাশি পরীক্ষা পদ্ধতিতে কিছুটা বদল এনে দ্বিতীয় দফায় এই পরীক্ষা নিল বিসিবি।

রোববার প্রথমে ব্যবহারিক, পরে লিখিত পরীক্ষার মাধ্যমে জেলা কোচ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।

অনেক বিতর্কের জন্ম জন্ম দেওয়া আগের দফার পরীক্ষায় প্রার্থীদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। সেই নিয়ম বদলে এবার প্রার্থীদের ব্যবহারিক ও লিখিত- উভয় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত কয়েক ধাপে প্রথমে প্রার্থীরা দেন ব্যবহারিক পরীক্ষা।

মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরে হওয়া ব্যবহারিক পরীক্ষায় প্রত্যেক প্রার্থীকে দেওয়া হয় ১০ মিনিট করে সময়। প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেন সোহেল ইসলাম, মিজানুর রহমান, ওয়াহিদুল গণি, রাশেদ ইকবাল, মন্টু দত্তসহ মোট ১০ কোচ। তাদের মধ্যে সোহেল ও মিজানুর জেলা কোচ নিয়োগে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য। পুরো পরীক্ষা কার্যক্রম দেখভাল করছেন বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন ও অনুর্ধ্ব-২৩ দলের কোচ নাভিদ নাওয়াজ।

ক্ষুদে শিক্ষার্থীদের কিভাবে ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো শেখাবেন কোচ পদপ্রার্থীরা, ব্যবহারিক পরীক্ষায় তা পরখ করে দেখেন এই পরীক্ষার দায়িত্বে থাকা কোচরা। এ জন্য ঢাকার বিভিন্ন একাডেমি থেকে কিছু খুদে ক্রিকেটারদের আনা হয় মিরপুরে। তাদেরকে কীভাবে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং শেখানো হচ্ছে, তা দেখে প্রার্থীদের যাচাই করা হয়।

যে কোচ যে বিভাগে পারদর্শী, ব্যবহারিক পরীক্ষায় তাদেরকে সেই বিভাগ নিয়ে খুদে ক্রিকেটারদের সঙ্গে ১০ মিনিট কাজ করার সুযোগ দেওয়া হয়। বরাদ্দ থাকা সময়ে বেশির ভাগ কোচ পদপ্রার্থী একটি স্কিল নিয়ে কাজ করেছেন। কোনো কোনো প্রার্থী একাধিক স্কিল নিয়ে কাজ করে নিজেদের প্রমাণের চেষ্টা করেছেন। প্রত্যেককে পর্যাপ্ত সময় নিয়ে পর্যবেক্ষণ করেছেন দায়িত্বে থাকা ব্যক্তিরা।

এরপর বিকেল ৫.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। আগের দফায় শুধুমাত্র ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র করা হলেও, এবার বাংলা ও ইংরেজি- দুই মাধ্যমেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।

এবারের প্রশ্নপত্রে ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছিল এবং একটি প্রশ্নের উত্তর বিস্তারিত লিখতে বলা হয়েছিল। এই প্রশ্নপত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগের মৌলিক বিষয় নিয়ে একটি করে  বহুনির্বাচনী প্রশ্ন ছিল। পাশাপাশি মাঠে ক্রিকেটারদের যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেসব পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে বেশি সংখ্যক প্রশ্ন ছিল। এছাড়া, ক্রিকেটারদের চোট হলে কি করণীয় তা নিয়ে ছিল একটি বহুনির্বাচনী প্রশ্ন।

একজন ব্যাটসম্যানের যে কোনো শট নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে, তা উত্তরণে কোচ চার সপ্তাহের জন্য কেমন পরিকল্পনা করবেন, তা বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল এবারের প্রশ্নে।

ব্যবহারিক ও লিখিত- দুই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবেন, তারা সোমবার দেবেন মৌখিক পরীক্ষা। এরপরই চূড়ান্ত হবে, কারা জেলা কোচ হিসেবে নিয়োগ পাবেন। ৫৯ জেলা ও ঢাকা মহানগরীর জন্য দুইজনসহ মোট ৬১ জন কোচ নিয়োগ করবে বিসিবি। দুই বছরের চুক্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে।

প্রথম দফায় ২১৮ জনের মধ্যে মাত্র ৩৮ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জেলা কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে জন্ম হয় আলোচনা-সমালোচনা। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ‘যোগ্য প্রার্থী’ পাওয়া যায়নি প্রথম দফার পরীক্ষায়। পরে যোগ্যতার মাপকাঠি বদল করে দ্বিতীয় দফায় ফের আগ্রহী প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়। সেখানে চার শতাধিক আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন তিনশর কাছাকাছি কোচ। আগের পরীক্ষায় অকৃতকার্যদেরও এবার আবেদনের সুযোগ ছিল এবং তাদের অনেকেই অংশ নিয়েছেন। 

প্রথম দফায় জেলা কোচ নিয়োগ পরীক্ষা নিয়ে স্বচ্ছতা না থাকাসহ নানান নেতিবাচক আলোচনা হওয়ায় এবার এক রকম উন্মুক্ত পরিবেশে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। পাশাপাশি সাংবাদিকদের জন্য ব্যবহারিক পরীক্ষা পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়েছিল।