বিপিএল
Published : 27 Dec 2025, 10:12 PM
ম্যাচ তখন হেলে সিলেট টাইটান্সের দিকে। তাদের জিততে কেবল প্রয়োজন ১৮ বলে ২৪ রান। সেই মুহূর্তে আক্রমণে এসে দুর্দান্ত বোলিং উপহার দিলেন মেহেদী হাসান রানা। চমৎকার হ্যাটট্রিকে লড়াই জমিয়ে দিলেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার।
সিলেটে শনিবার স্বাগতিকদের বিপক্ষে ১৮তম ওভারে বোলিংয়ে এসে শেষ টানা তিন বলে উইকেট নেন রানা। বিপিএলে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি তার প্রথম হ্যাটট্রিক।
ম্যাচে চার ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রানা। তার কীর্তি গড়ার দিনটি শেষ পর্যন্ত যদিও জয়ে রাঙাতে পারল না নোয়াখালী। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি শেষ বলে এক উইকেটে জিতে যায় সিলেট।
১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ১৭ ওভার শেষে সিলেটের রান ছিল ৫ উইকেটে ১২০। টি-টোয়েন্টিতে শেষ তিন ওভারে ২৪ রানের সমীকরণ মেলানো মামুলি ব্যাপার। বোলিংয়ে এসে প্রতিপক্ষের জন্য সেটাই কঠিন করে তোলেন রানা।
নিজের শেষ ওভারে বল হাতে নিয়ে প্রথম তিন বলে পাঁচ রান দেন তিনি। চতুর্থ ডেলিভারিতে মেহেদী হাসান মিরাজকে করেন কট বিহাইন্ড। পঞ্চম বলে এলবিডব্লিউ হন নাসুম আহমেদ। আর ওভারের শেষ বলে খালেদ আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের উল্লাসে মাতেন রানা।
বিপিএলের সবশেষ আসরেও হয়েছিল হ্যাটট্রিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মইন আলি পেয়েছিলেন এই স্বাদ। এবার আসরের প্রথম হ্যাটট্রিক এলো রানার সৌজন্যে।
বিপিএলে হ্যাটট্রিক করা নবম বোলার রানা। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিকবার এই স্বাদ পাননি কেউ।
রানা ও শরিফুল ছাড়া বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে হ্যাটট্রিক আছে আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। আর বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের মইন বাদে পাকিস্তানের মোহাম্মদ সামি ও ওয়াহাব রিয়াজ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল পেয়েছেন এই স্বাদ।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রানা। দুইবার এই কীর্তি গড়েছেন আল-আমিন হোসেন।
বিপিএলে হ্যাটট্রিক তালিকা
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা
আল-আমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)
মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)