২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াল সুন্দর নাহিদ রানা

নাহিদ রানার বোলিংয়ের সামনে পাকিস্তানিদের ভয় পেতে দেখে দারুণ উপভোগ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 08:19 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

মিরপুর টেস্টের দুই দিনে বৈশাখের বৃষ্টির পরশ পেয়েছে পাকিস্তান দল। কালবৈশাখী ঝড়ের রূপ তারা এবার দেখেনি এখনও। তবে নাহিদ রানার ঝড়ে তারা এমনই বিধ্বস্ত যে, বাংলাদেশের ঝড়ের দাপট তারা বুঝে গেছে!

মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে অনেক কথার ফাঁকে নাজমুল হোসেন শান্ত এক পর্যায়ে বললেন, তার দলের এই ফাস্ট বোলারকে দেখে পাকিস্তানিদের ভয় তিনি দারুণ উপভোগ করেছেন। বাংলাদেশ অধিনায়কের এই কথাতেই মিশে আছে অনেক কিছু। 

বাংলাদেশের একজন ফাস্ট বোলারের গতির কারণে ম্যাচের আগেই প্রতিপক্ষের ড্রেসিং রুমে ভয়ের চোরাস্রোত বয়ে যাচ্ছে, উইকেটে ব্যাটসম্যানদের চোখে-মুখেও ফুটে উঠছে ভয়ের ছবি, একের পর এক ব্যাটসম্যান ভড়কে যাচ্ছেন গতি ও বাউন্সে, এসব তো এতদিন রূপকথার মতো ব্যাপার ছিল। নাহিদের হাত ধরে সেসব এখন বাস্তবে চিত্রায়িত হচ্ছে নিয়মিত।

‘ভয়’ মানেই সবসময় ভীতিকর নয়। কোনো ফাস্ট বোলারকে দেখে যখন ব্যাটসম্যানরা কুঁকড়ে যায়, মিইয়ে যায়, বল যখন সাপের মতো ফণা তুলে ছোবল দেয়, সেটিরও একটি সৌন্দর্য আছে। বাংলাদেশের ক্রিকেটে সেই ভয়ঙ্কর সুন্দর আখ্যান হয়ে এসেছেন নাহিদ রানা। 

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১০৪ রানের জয়ে ম্যান অব দা ম্যাচ যদিও শান্ত। ১০১ ও ৮৭ রানের ইনিংস দুটি খেলার পর যোগ্য হিসেবেই তিনি ম্যাচ সেরা। দুই ইনিংসে ভালো ব্যাট করেছেন মুমিনুল হক। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরাও অবদান রেখেছেন। তবে এসবের পাশাপাশি বড় একটি সত্যি, একজন নাহিদ রানা না থাকলে বাংলাদেশ ম্যাচটি জিততে পারত না।

৭ উইকেট অক্ষত রেখে শেষ সেশন শুরু করেছিল পাকিস্তান। শেষ সেশনের শুরুতে দুটি উইকেট পতনের পরও ম্যাচ বাঁচানোর পথে ছিল তারা। একটি জুটি গড়ে উঠছিল। ওই সময় বাংলাদেশের প্রয়োজন ছিল কোনো কালবৈশাখী ঝড়। কিছু কামানের গোলা। কয়েকটি তীব্র হুঙ্কার। কত কত ম্যাচে এই কাজগুলো কেউ করতে পারেননি বলে বাংলাদেশ জিততে পারেনি! 

এবার নাহিদ রানা ছিলেন। তাই জয়কাব্য রচনা হলো।

সাউদ শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন। শটটি আপাত চোখে মনে হবে খুবই আলগা শট। সেটি সত্যিও বটে। তবে সেই শটের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলবে, নাহিদ রানার গতির কথা ভেবেই হয়তো মানসিকভাবে একটু অগোছালো হয়ে পড়েছিলেন শাকিল। গতির কথা ভেবেই হয়তো নড়েনি তার পা। অতি সতর্কতার কারণেই হয়তো মুহূর্তের জন্য হয়ে পড়েছিলেন অমনোযোগী।

ম্যাচের মাড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল সেটিই। পরে সংবাদ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও বললেন, ওই জুটি আর আধ ঘণ্টা খেললেই হয়তো বাংলাদেশ হতাশ হয়ে হাল ছেড়ে দিত, ততক্ষণে আলো কমে আসত, ড্রয়ের পথে এগোত ম্যাচ।

নাহিদ রানা শুধু মোড় ঘুরিয়ে দেননি, চোখের পলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে গেছেন দলকে। একের পর এক গোলা বের হয়েছে তার হাত থেকে। ৪.৫ ওভারের বিধ্বংসী স্পেলে ১০ রানে ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ম্যাচ বাঁচানোর আশা।

 ২০২৪ সালে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতেও নাহিদের একটি স্পেল বদলে দিয়েছিল ম্যাচের চিত্র। সেই ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। এবার প্রাপ্তি ৫ উইকেট। 

উইকেটের চেয়ে অবশ্য সংবাদ সম্মেলনে ঘুরেফিরে বারবার এলো তাকে ঘিরে প্রতিপক্ষের ভয়ের আবহের ব্যাপারটিই। নাহিদ যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, তাকে বাউন্সার করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। একজন ফাস্ট বোলারের অহমে ঘা লাঘার জন্য তা যথেষ্ট। নাহিদেরও লেগেছিল এবং তিনি তা সুদে-আসলে ফিরিয়ে দিয়েছেন শাহিনকে, গোটা পাকিস্তান দলকেই।

নাহিদ এমন একজনকে অধিনায়ক হিসেবে পেয়েছেন, যিনি সেই ভীতিটাকে উপভোগ ও উদযাপন করতে জানেন। ম্যাচ শেষে সগর্বেই তা বললেন শান্ত।

“রানাকে আমরা জানি যে, ও কত স্পেশাল এবং কত জোরে বল করে। ওর স্কিলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিজেও অনেক উপভোগ করছে।”

“প্রতিপক্ষ যেভাবে ভয় পাচ্ছিল ওর সামনে, এটা দেখতেও ভালো লাগে। আমি খুবই খুশি, ও যেভাবে দলের জন্য অবদান রাখছে নিয়মিত। চাওয়া থাকবে, এভাবেই দলের জন্য অবদান রেখে যাবে ও।”

আফ্রিদিকে বাউন্সারে জবাব দেওয়া নিয়েও খোঁচা দিতে ভুল করলেন না বাংলাদেশ অধিনায়ক।

“রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খেতেও হবে। আমি হলে রানাকে বাউন্সার মারতাম না! কারণ আমাদের শখ নেই অত জোরে বাউন্সার খেলা।”

“অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কী বলব… বাংলা ভাষায় যদি বলি যে, জবাবটা দিতে পারি। এটা একটা ভালো দিক। আমাদেরও এরকম বোলিং শক্তি এখন আছে। এই জিনিসগুলো ভালো দল গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ।”